বিস্ফোরকসহ গ্রেপ্তার তিন গুদাম কর্মচারী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ২১ বস্তাভর্তি এক হাজার ২৫ কেজি বিস্ফোরকসহ (সালফার) গ্রেপ্তার তিন গুদাম কর্মচারীকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি হবে আগামী রোববার।
গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম মুহাম্মদ লুৎফুল মজিদ নয়ন এ আদেশ দেন। এদিকে গতকাল বিকেলে মহানগর হাজতখানায় গ্রেপ্তার তিন আসামি নিজেদের নির্দোষ দাবি করেন প্রথম আলোর কাছে। তাঁরা বলেন, ‘আমরা গত জুন মাসে ওই গুদামে কাজ শুরু করি। বিস্ফোরকগুলো দিয়ে কী করা হয়, তা মালিক ছাগির হোসেন জানেন। আমরা এ বিষয়ে কিছুই জানি না।’
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ প্রথম আলোকে বলেন, ডবলমুরিং থানার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ওই থানার এসআই উজ্জ্বল দাশ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন আদালতে। বিচারক তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে রোববার শুনানির দিন ধার্য করেন।
গত মঙ্গলবার গভীর রাতে নগরের আগ্রাবাদ পানওয়ালাপাড়া এলাকার ছাগির হোসেনের মালিকানাধীন একটি গুদাম থেকে বিস্ফোরকসহ গুদাম কর্মচারী সুমন বসাক, মনির হোসেন ও লিপন চন্দ্র নাথকে গ্রেপ্তার করে র‌্যাব।