'বোমা সন্ত্রাসী' রানাসহ সাতজন আটক

রাজধানীর দুর্ধর্ষ ‘বোমা সন্ত্রাসী’ ইকবাল হোসেন ওরফে রানা (৩২) ও তাঁর সহযোগী বোমা চক্রের ছয় সক্রিয় সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।
গতকাল রোববার ডিবির একটি বিশেষ দল তাঁদের আটক করেছে বলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আটক অন্যরা হলেন মমিনুল ইসলাম মনির ওরফে বোমা মনির ওরফে গজ মনির (৩২), অলি উদ্দিন চৌধুরী ওরফে বাবু (৩০), কায়সার আহম্মেদ সোহেল ওরফে পানি সোহেল ওরফে ফ্রুটো সোহেল, আবদুল মালেক ওরফে মানিক (৩১), রফিকুল ইসলাম ওরফে রিপন ওরফে বোমা রফিক (৩৫) ও রুবেল। তাঁদের কাছ থেকে আট কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় বিস্ফোরক দ্রব্য, ককটেল ও পেট্রলবোমার সাহায্যে নাশকতার ঘটনায় গোয়েন্দা পুলিশ এলাকাভিত্তিক বিভিন্ন চক্রকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল খিলগাঁও থানার পূর্ব গোড়ান এলাকার একটি বাসা থেকে ছয় সহযোগীসহ বোমারু রানাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী রানা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, শিবিরের বোমা প্রশিক্ষকের কাছ থেকে সে বিভিন্ন ধরনের বোমা তৈরির প্রশিক্ষণ নিয়েছে। রমনা থানা ছাত্রদলের এক নেতার প্রত্যক্ষ মদদে বিস্ফোরক সংগ্রহ ও নাশকতামূলক কাজের জন্য রানা বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত বলে পুলিশকে জানিয়েছে। এই চক্রের সদস্য মনির হকার ব্যবসা ও বাবু পানির ব্যবসার আড়ালে অনেক দিন ধরে রানার সরবরাহ করা বিস্ফোরকের মাধ্যমে বোমা তৈরি করত। অন্যদিকে ফ্রুটো সোহেল ফ্রুটোর বোতলে বিশেষ কায়দায় পেট্রলবোমা তৈরিতে পারদর্শী। রিকশাচালক রিপন বোমা ও বোমা তৈরির উপাদান তাঁর রিকশায় করে বোমাবাজদের কাছে অতি গোপনে পৌঁছানোর কাজ করে থাকেন। বোমা ছোড়ার কাজটি খুব সূক্ষ্ম ও দ্রুততার সঙ্গে পালন করেন মানিক ও রুবেল।
উদ্ধার করা বিস্ফোরক দ্রব্যে প্রায় এক হাজার ৫০০টি মাঝারি ধরনের বোমা তৈরি করা সম্ভব বলে জানিয়েছে পুলিশ। এর আগে এই চক্রটি ৪২ কেজি বিস্ফোরক বোমা তৈরির কাজে ব্যবহার করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে।