বিস্ফোরকে ঝলসে গেল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরে লোকনাথ স্কুলের সামনে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পুলিশের নয় সদস্য আহত হন। ছবি: শহীদুল ইসলাম
রাজশাহী নগরে লোকনাথ স্কুলের সামনে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পুলিশের নয় সদস্য আহত হন। ছবি: শহীদুল ইসলাম

রাজশাহীতে পুলিশের চলন্ত গাড়িতে বিক্ষোভকারীদের ছোড়া হাতবোমায় সিদ্ধার্থ রায় নামের একজন কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। সংকটাপন্ন অবস্থায় তাঁকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের আরও আট সদস্য আহত হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ এ ঘটনার পর ৩৩ জনকে আটক করেছে। আহত সিদ্ধার্থ রায়ের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলায়। আহত বাকি আটজন হলেন  কনস্টেবল আনন্দ কুমার সাহা, আসাদুজ্জামান, শাহরিয়ার, তৌহিদুল ইসলাম, রায়হান, রাফি, আবদুল মজিদ ও সোহেল।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্টার অসীম সরকার জানান, সিদ্ধার্থের শরীর ঝলসে বাইরে থেকে ফুসফুস দেখা যাচ্ছে। তাঁকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, বুকের এ ধরনের সার্জারির ব্যবস্থা রাজশাহীতে নেই। এ জন্য তাঁরা তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন। তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছে।  হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত পুলিশ সদস্যদের মধ্যে তৌহিদের দুই চোখের ভেতর বোমার স্প্লিন্টার ঢুকে গেছে। দুপুরের তাঁর চোখে অস্ত্রোপচার করা হয়েছে। শাহরিয়ারের চোখের ভেতর থেকে টিনের টুকরো অপসারণ করা হয়েছে। আসাদুজ্জামানের হাত ও পিঠ এবং সোহেলের বামহাত ও আনন্দের মাথা জখম হয়েছে।
বোমাটি বিস্ফোরণের পরে পুলিশের গাড়ির ভেতরে লোহার পেরেক, মাছ ধরার জালে ব্যবহূত লোহার কাঠি, পাথরের টুকরা, টিনের কুচি ইত্যাদি পাওয়া গেছে।

পুলিশের বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার সাইফুল ইসলাম বলেন, বিস্ফোরণের ঘটনায় যে ধরনের বিস্ফোরক দ্রব্য ও অন্যান্য জিনিস বের হয়েছে, এতে এটা যে ককটেলের চেয়েও বেশি কিছু (মোর দ্যান ককটেল) তা বলা যায়।

হামলার সময় ওই গাড়িতে ছিলেন পুলিশের কনস্টেবল আলমগীর। তিনি বলেন, বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার সাইফুল ইসলামের নেতৃত্বে দুটি গাড়িতে তাঁরা টহল দিচ্ছিলেন। সামনের গাড়িতে সহকারী পুলিশ কমিশনারসহ ১০ জন ও ট্রাকে তাঁরা ১৪ জন পুলিশ সদস্য ছিলেন। দুটি গাড়ি হেতেমখাঁ মোড় হয়ে মালোপাড়া মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় মিছিল শেষে মিছিলকারীরা ফিরে যাচ্ছিল। গাড়িটি রাজাহাতা এলাকার লোকনাথ স্কুলের মোড়ে পৌঁছালে রাস্তার পাশ থেকে ট্রাকের ভেতরে একটি শক্তিশালী বোমা এসে পড়ে। বোমাটি সিদ্ধার্থের বুলেট প্রুফ জ্যাকেটের ওপর পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। আলমগীর বলেন, তিনি ট্রাকের পেছনের দিকে ছিলেন বলে তাঁর আঘাত লাগেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৮ দলের সমর্থকেরা বিক্ষোভ মিছিল করার জন্য বেলা সাড়ে ১১টার দিক থেকে নগরের ভুবনমোহন পার্কে জড়ো হচ্ছিল। আসার পথেই লোকনাথ স্কুলের সামনে তারা একটা অটোরিকশার কাচ ভাঙচুর করে। এ জন্য ওই দিকেই পুলিশ বেশি নজরদারি করছিল। তারা কয়েকজনকে আটক করে। এ খবর পেয়ে মিছিলের শুরুতে আয়োজিত সমাবেশে একজন বক্তা পুলিশের উদ্দেশে বলেন, ‘আপনারা গ্রেপ্তার-নির্যাতন বন্ধ না করলে আপনাদের বিরুদ্ধে মোড়ে মোড়ে গণবিস্ফোরণ গড়ে তোলা হবে।’ সমাবেশ শেষে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের সোনাদীঘি, সাহেববাজার জিরোপয়েন্ট, গণকপাড়া ও মালোপাড়া হয়ে আবার পার্কে ফিরে যায়। সেখান থেকে ফেরার পথে তারা দুপুর সাড়ে ১২টার দিকে নগরের রাজাহাতা মোড়ে পুলিশের চলন্ত কাভার্ডভ্যানের সামনের দিক দিয়ে একটি বোমা ছুড়ে পালিয়ে যায়। বোমাটি ট্রাকের ভেতরে বিকট শব্দে বিস্ফোরিত হয়।

নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মিছিল শুরুর আগেই তারা লোকনাথ স্কুলের সামনে একটা অটোরিকশা ভাঙচুর করে। এ জন্য পুলিশ সেখান থেকে কয়েকজনকে আটক করে। গাড়িতে হামলার পরেও সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। সব মিলে ৩৩ জনকে আটক করা হয়েছে। থানায় জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।