বিস্ফোরকের মামলাও দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধে যানবাহন ও পথচারীদের ওপর পেট্রলবোমা, গানপাউডারসহ বিভিন্ন বিস্ফোরক দ্রব্যের সাহায্যে হামলার ঘটনায় করা মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মামলাগুলো বিশেষভাবে পর্যবেক্ষণ ও দ্রুত নিষ্পত্তির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা থেকে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়ে এসব মামলার এজাহার, অভিযোগপত্র, সত্যায়িত কপিসহ যথাযথ কর্তৃপক্ষকে প্রস্তাব পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। হতাহতের ঘটনায় করা মামলাগুলোর সর্বশেষ অবস্থা জরুরি ভিত্তিতে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন ও পরিকল্পনা) গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, এই মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের মাধ্যমে দ্রুত ও ন্যায়বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হলে এসব ঘটনায় স্বজনহারা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ব্যথা কিছুটা হলেও কমবে।
সরকার ইতিমধ্যে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও পুলিশের ওপর হামলার মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, পেট্রলবোমা, গানপাউডারসহ বিভিন্ন বিস্ফোরক দ্রব্যের সাহায্যে হামলার মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে আনা হলে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করা যাবে।
পুলিশের সূত্র জানায়, ২০১২ সালে ঢাকায় ৪৭টি যানবাহনে অগ্নিসংযোগ ও ৪৩টিতে ভাঙচুর এবং ৫৩ জন সাধারণ মানুষ ও ২৪১ জন পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় ১২৮টি মামলা হয়। এসব মামলায় নাম উল্লেখ করা আসামির সংখ্যা দুই হাজার ৮০০ জন, অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২৪ হাজার জনকে। এসব মামলায় দুই হাজার ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব মামলার মধ্যে ২০১২ সালের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচির দিনে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বিরুদ্ধে ৩৭টি মামলা হয়। এগুলোতে তিনি হুকুমের আসামি বা উসকানিদাতা। এর মধ্যে ৩৫টি মামলার বাদী পুলিশ। তবে ওই ঘটনাগুলো কারা ঘটিয়েছে, তা এখনো বের করতে পারেনি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের হিসাব অনুযায়ী, গত নভেম্বরে বিস্ফোরক দ্রব্য আইনে রাজধানীর বিভিন্ন থানায় ১১১টি মামলা হয়েছে। ওই মাসে ৮০টি যানবাহনে অগ্নিসংযোগ ও ৫৮৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ২৯১টি ককটেল উদ্ধার হয়। ২০২ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বেশির ভাগকেই বিস্ফোরণ বা অগ্নিসংযোগের স্থান থেকে এবং পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার সময় ধরা হয়। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যককে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।
এ ধরনের সব মামলাতেই বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। গত বছরের ২৮ নভেম্বর রাজধানীর শাহবাগে বাসে পেট্রলবোমা হামলা চালিয়ে ১৯ জনকে দগ্ধ করার ঘটনায় করা মামলা এবং মালিবাগে বাসে পেট্রলবোমা হামলার মামলায় বিএনপি-জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের আসামি করা হয়েছে। শাহবাগের ঘটনায় মামলার আসামিদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ রয়েছেন। মালিবাগের ঘটনায় করা হত্যা মামলায় মির্জা ফখরুল ও জামায়াতে ইসলামীর একাধিক শীর্ষ নেতাকে হুকুমের আসামি করা হয়েছে। এসব মামলাও দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে।
অবশ্য বিএনপির নেতারা বলছেন, এসব ঘটনায় বিরোধী দলের নেতা-কর্মীদের ঢালাওভাবে আসামি করা হচ্ছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। এসব ঘটনায় যথার্থ তদন্ত হয় না। তাঁরা বলেন, বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ২০০৪ সালে হোটেল শেরাটনের (বর্তমানে হোটেল রূপসী বাংলা) সামনে বিআরটিসির দোতলা বাসে আগুন দিয়ে ১১ জনকে হত্যার ঘটনায় করা মামলায় তৎকালীন বিরোধী দলের (আওয়ামী লীগ) নেতাদের আসামি করা হয়েছিল। বিগত মহাজোট সরকারের সময়ে ‘রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায়’ এই মামলার আংশিক প্রত্যাহার করা হয়। পরে আদালতে মামলার বাকি আসামিরা খালাস পান।