মিজান টাওয়ারের পাশে ম্যানহোলে বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুরে গতকাল বুধবার সন্ধ্যায় মিজান টাওয়ারের পাশে ম্যানহোলে বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তারা বলছেন, ম্যানহোলে জমে থাকা গ্যাসের চাপে এ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে ম্যানহোলের ওপরে থাকা স্লাবগুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। আহত হয়েছেন অন্তত পাঁচজন৷ তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

কর্মকর্তারা বলছেন, মিজান টাওয়ারের পূর্ব পাশ ঘেঁষে বয়ে যাওয়া স্যুয়ারেজ লাইনের ওপর ঢালাই করে স্লাব বসানো হয়েছে। সেখানে আলো-বাতাস চলাচলের কোনো ব্যবস্থা রাখা হয়নি। এতে বিষাক্ত গ্যাস জমে যায়।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়, সন্ধ্যা সাতটার দিকে মিজান টাওয়ারের পূর্ব কোণে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মিজান টাওয়ারের নিচতলার দোকানের কিছু অংশের রড ও সুরকি সরে গেছে। এ সময় বহুতল এ ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা সবাই ছোটাছুটি করে নিচে নামেন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ভবনটির সামনের সড়কের এক পাশ বন্ধ করে দেন। এ সময় ভবনের বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে দেওয়া হয়। কর্মকর্তারা পরীক্ষা করে নিশ্চিত হন, স্যুয়ারেজ লাইনের ওপর স্থায়ী স্লাব বসানোয় গ্যাস জমে এ বিস্ফোরণ ঘটে। ওই স্যুয়ারেজের সঙ্গে মিজান টাওয়ারের স্যুয়ারেজের সংযোগ রয়েছে।

মিজান টাওয়ারের দোতলার এক আইনজীবীর চেম্বারের সহকারী মুজাহিদ হোসেন সাংবাদিকদের জানান, সন্ধ্যা সাতটার দিকে বিস্ফোরণের শব্দে ভবনটি কেঁপে ওঠে। তিনি বলেন, ‘হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনি। নিচতলায় দেয়াল, পিলার এবং মেঝে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু অংশ গর্তও হয়ে যায়।’

১২ তলার মিজান টাওয়ারের নিচের কয়েকটি তলায় দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, ওপরে আবাসিক ফ্ল্যাট।

রাত ১০টায় ঘটনাস্থলে উপস্থিত মোহাম্মদপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল আলীম প্রথম আলোকে বলেন, বিস্ফোরণের উৎস খুঁজে পাওয়া গেছে। ভবনে ফাটল ও কাত হওয়ার গুজব থাকলেও তার সত্যতা মেলেনি। রাত ১০টায় ভবনটিতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়৷ খুলে দেওয়া হয় রাস্তাটি৷