বিস্ফোরণ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। যুগিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার বলেন, দুপুরে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ সময় কার্যালয় বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় লোকজন এ খবর জানালে তিনিসহ আওয়ামী লীগের অন্য নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান। তাৎক্ষণিক পুলিশ এসে সেটি উদ্ধার করে। কলারোয়া থানার এসআই তানভীর আহমেদ বলেন, বিস্ফোরিত দ্রব্যটি বোমা কি না, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। উদ্ধার করা বস্তুটি বোমাসদৃশ। কলারোয়া থানার ওসি শেখ আবু সালেহ মো. মাসুদ করিম জানান, ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কে বা কারা একটি পটকা ফাটিয়েছে। তবে পটকাটি বেশ শক্তিশালী। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা|