বিস্ফোরণ ও ভাঙচুরে শিবিরের ঢিলেঢালা হরতাল পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া দেশের বিভিন্ন স্থানে ঢিলেঢালাভাবে হয়েছে ছাত্রশিবিরের হরতাল। শিবিরের কর্মীরা ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করেন। শিবির এক বিজ্ঞপ্তিতে দাবি করেছে, রাজধানীসহ সারা দেশে তাদের ৫১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
শিবিরের কেন্দ্রীয় সভাপতিসহ গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তি ও ‘নিখোঁজ’ নেতাদের সন্ধানের দাবিতে সারা দেশে এ হরতাল ডাকে শিবির।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
আমাদের ঢাকার নিজস্ব প্রতিবেদক জানান, শিবিরের কর্মীরা ভোরে রাজধানীর ইডেন কলেজের সামনে মিল্ক ভিটার একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেন। এতে গাড়িচালকসহ দুজন আহত হন। সাড়ে ছয়টার দিকে উত্তর বাড্ডার শাহজাদপুর এলাকায় শিবিরের কর্মীরা পাঁচ-ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটান। তাঁরা রাস্তায় আগুন ধরিয়ে পিকেটিং করেন। পুলিশ ধাওয়া দিলে দুই পক্ষে সংঘর্ষ হয়। রামপুরার বনশ্রীতে মিছিল বের করলে পুলিশের সঙ্গে শিবিরের কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় দুজনকে আটক করা হয়। পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের চেষ্টার অভিযোগে তাঁদের ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
লালমাটিয়া সিটি হাসপাতালের সামনে সকালে পিকেটিং ও রাস্তা অবরোধ করেন হরতাল-সমর্থকেরা। এ সময় তিনটি বাসে আগুন দেওয়া হয়। শনির আখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করার চেষ্টা করেন শিবিরের কর্মীরা। পুরান ঢাকার কাঠেরপুল ও দয়াগঞ্জ এলাকায়ও রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিংয়ের চেষ্টা করা হয়।
এদিকে হরতালের মধ্যেও গতকাল বুধবার জাতীয় বিশ্বদ্যািলয়ের অধীন সারা দেশে ২০১১ সালের তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে। এতে ২০২টি কলেজের এক লাখ ৬২ হাজার ৫১৮ জন পরীক্ষার্থী অংশ নেন।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়কের বহুলি এলাকায় শিবিরের কর্মীরা অবরোধ করলে পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দেয়। পরে শিবিরের কর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দুই পক্ষের ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে পুলিশের ছয় সদস্য আহত হন।
এদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাগাতী, বানিয়াগাতী, নলকা ও তালুকদার মোড় এলাকায় ভোরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেন শিবিরের কর্মীরা। তাঁরা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে কমপক্ষে ২০টি গাড়ি ভাঙচুর করেন।
চট্টগ্রাম: শিবিরের কর্মীরা চামড়া গুদাম এলাকায় সকালে টহল পুলিশকে লক্ষ্য করে সাত-আটটি ককটেল নিক্ষেপ করেন। এ ছাড়া খাতুনগঞ্জে একটি টেম্পো, জেল রোডে আরেকটি টেম্পো ও ষোলশহরে একটি হিউম্যান হলারে আগুন দেওয়া হয়।
নাশকতার অভিযোগে উত্তর হালিশহর জামায়াতে ইসলামীর সভাপতি ফখরে জাহান সিরাজসহ (৫০) নগরের বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
সীতাকুণ্ডের মিরেরহাট বটতল, নুনাছড়া ও সীতাকুণ্ড-দক্ষিণ বাইপাস এলাকায় মহাসড়কে গতকাল ভোরে শিবিরের কর্মীরা পিকেটিং করতে চাইলে পুলিশ তাঁদের ধাওয়া দেয়। এ সময় পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল ফাটায়। এ ছাড়া অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর করে।
রংপুর: নগরে আটটি ব্যাটারিচালিত অটোরিকশা ও দুটি ট্রাক ভাঙচুর করেছেন শিবিরের কর্মীরা। এ ছাড়া মঙ্গলবার রাতে কারমাইকেল কলেজে ১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে।
বগুড়া: শহরের সাবগ্রামে শিবিরের কর্মীরা সকালে রাস্তায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে বগুড়া-ঢাকা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। তাঁরা শহরের বিভিন্ন এলাকায় ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।
নীলফামারী: সদর উপজেলার টুপামারী ইউনিয়নের মাজার এলাকায় দুপুরে একটি পণ্যবাহী ট্রাকে ভাঙচুর চালান হরতাল-সমর্থকেরা।
রাজশাহী: শিবিরের কর্মীরা গতকাল ভোরে নগরের সাগরপাড়া এলাকায় শাহ মখদুম কলেজের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়লে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। শালবাগান এলাকায় মিছিল করতে চাইলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
খুলনা: খুলনার রূপসা সেতুসংলগ্ন এলাকায় সকালে শিবিরের কর্মীরা রাস্তায় পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় দুটি ককটেলও ফাটানো হয়।
নাটোর: বিএডিসি গুদামের সামনে শিবিরের কর্মীরা সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শিবিরের ১০ জন কর্মী আহত হন। এর আগে হরতাল-সমর্থকেরা শহরের কানাইখালী, দীঘাপতিয়া ও বড়াইগ্রামের ধানাইদহ এলাকায় সড়ক অবরোধ করে ১০টি ট্রাক ও অটোরিকশা ভাঙচুর করেন।
বরিশাল: শিবিরের কর্মীরা মঙ্গলবার রাতে নগরের সিঅ্যান্ডবি সড়কের সিটি বাসস্ট্যান্ডে একটি গাড়িতে আগুন দেন।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন শিবিরের কর্মীরা। এ সময় একটি ট্রাকে আগুন দেন তাঁরা।
রায়পুর (লক্ষ্মীপুর): রায়পুরের বিভিন্ন স্থানে অন্তত ১৫টি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল ভাঙচুর করেছে পিকেটাররা। তারা বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। রায়পুর-লক্ষ্মীপুর সড়কে স্কুলগামী শিশুদেরও হরতালের সমর্থনে পিকেটিং করতে দেখা গেছে।
বাগেরহাট: খুলনা-মংলা সড়কে সিমেন্টবোঝাই একটি ট্রাক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন শিবিরের কর্মীরা।
জয়পুরহাট: সদর উপজেলার দোগাছী ইউনিয়নের খন্জন্পুর-পাহাড়পুর সড়কের নাকুরিয়ায় রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করেন হরতাল-সমর্থকেরা। ঘটনাস্থল থেকে শিবিরের দুই কর্মীকে আটক করে পুলিশ।
চাঁদপুর: শহরের পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন হরতাল-সমর্থকেরা। নাশকতার চেষ্টাকালে চাঁদপুর সদরে চারজন ও কচুয়া থেকে একজন শিবিরের কর্মীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।
সিলেট: নগরের বিভিন্ন স্থানে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অন্তত ২৫টি রিকশা ভাঙচুর করেন শিবিরের কর্মীরা। নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন ছিল।