বিস্ফোরণ-ভাঙচুর, অচল বগুড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক ককটেল বিস্ফোরণ ও পিকেটিংয়ের মধ্য দিয়ে গতকাল রোববার বগুড়া শহরে হরতাল পালিত হয়েছে। সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ পাড়া-মহল্লায় অবস্থান নেয় হরতাল-সমর্থকেরা। শহরের সব দোকানপাট বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শহরের সাতমাথা এলাকা ছাড়া বড়গোলা, দত্তবাড়ি, নামাজগড় এলাকায় গতকাল কোনো পুলিশই দেখা যায়নি। টহল পুলিশের গাছাড়া ভাবের কারণে পিকেটারদের হাতে সাধারণ মানুষকে বেশ নাজেহাল হতে হয়েছে। সরকারি দলের কোনো নেতাকেও মাঠে দেখা যায়নি। আওয়ামী লীগের কার্যালয়ে দিনভর তালা ঝুলেছে। শিবির লাঠিসোঁটা নিয়ে শহরের সড়কগুলোও প্রদক্ষিণ করে। ককটেল ও পিকেটারদের ভয়ে শহরের প্রধান সড়ক তো নয়ই, এমনকি পাড়া-মহল্লায়ও কোনো যানবাহন চলেনি।
সকাল থেকে জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর, জেল সুপারের বাসভবনের সামনে, পিটিআই মোড়, কানুছগাড়ি, মফিজ পাগলার মোড়, বাংলাদেশ ব্যাংকের সামনে, ঠনঠনিয়া, কলোনি, বনানী, নামাজগড়, সরকারি আজিজুল হক কলেজের সামনেসহ বিভিন্ন স্থানে অন্তত ৪০টি ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতাল-সমর্থকেরা। বেলা ১১টার দিকে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হায়দার আলীর উপশহর এলাকার বাসভবনে হামলা চালায় হরতাল-সমর্থকেরা।
আইনজীবী আবদুল লতিফ জানান, গতকাল জেলা জজ আদালত চত্বরে সকালে একটি ও দুপুরে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। চত্বরের বাইরের মাঠ থেকে ককটেল দুটি ছুড়ে মারা হয়। তবে এতে কোনো হতাহত হয়নি।
সকাল থেকে কাহালু রেলস্টেশনের সান্তাহার-লালমনিরহাট রেলপথে চলাচলকারী বেশ কয়েকটি ট্রেন আটকে দেয় হরতাল-সমর্থকেরা। তা ছাড়া সান্তাহার-বোনারপাড়া রুটে সারা দিনই ট্রেন চলাচল বন্ধ থাকে।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, বিজিবি-পুলিশ-র‌্যাবের সদস্যরা তৎপর থাকায় হরতালে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন বড় কিছু ঘটেনি। তবে শিবিরের লাঠিসোঁটা নিয়ে শহর প্রদক্ষিণের কথা স্বীকার করে তিনি জানান, দুই দিন আগেও ১৮ দলের নেতাদের লাঠিসোঁটা নিয়ে মিছিল না করার বিষয়ে সতর্ক করা হয়। গতকাল আবার শিবির লাঠিসোঁটা নিয়ে মাঠে নামে। এরপর আবার তারা এ ধরনের কোনো কাজ করলে পুলিশ কঠোর অবস্থান নেবে।