বিস্ফোরণ ভাঙচুর আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াত নেতা মুজাহিদের ফাঁসির রায় ঘোষণার পর গতকাল বেলা পৌনে দুইটার দিকে রাজশাহীর বিমানবন্দর সড়ক এলাকায় শিবিরের কর্মীরা যানবাহনে অগ্নিসংযোগ করেন ষ ছবি: প্রথম আলো
জামায়াত নেতা মুজাহিদের ফাঁসির রায় ঘোষণার পর গতকাল বেলা পৌনে দুইটার দিকে রাজশাহীর বিমানবন্দর সড়ক এলাকায় শিবিরের কর্মীরা যানবাহনে অগ্নিসংযোগ করেন ষ ছবি: প্রথম আলো

ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, আগুন ও চোরাগোপ্তা হামলার মধ্য দিয়ে গতকাল বুধবার জামায়াতে ইসলামী দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে। পুলিশ গুলি চালিয়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে হরতাল-সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ জামায়াত-শিবিরের অন্তত ৫০ জন কর্মীকে আটক করেছে।

ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

চট্টগ্রাম: নগরের কারাগারের পেছনের সড়কে সকালে ককটেল ফাটানো হয়। ঘটনাস্থল থেকে শিবিরের তিন কর্মীকে আটক করা হয়েছে। সন্ধ্যায় নগরের হালিশহরে দুটি গাড়িতে আগুন দেয় এবং বেশ কয়েকটি ককটেল ফাটায় হরতাল-সমর্থকেরা।

সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে ছয়টি গাড়িতে অগ্নিসংযোগ এবং ১০টি গাড়ি ভাঙচুর করে পিকেটাররা। এ সময় দক্ষিণ বাইপাস ও বাড়বকুণ্ডের সিরাজ ভুঁইয়ার রাস্তার মাথায় পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ হয়।

লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাজঘাটা এলাকায় হরতাল-সমর্থকদের গুলিতে যুবলীগের তিন কর্মী আহত হন। মিরসরাইয়ে উপজেলা শিবিরের সভাপতি তৌহিদুল হকের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় গতকাল ৮-১০টি ককটেল ফাটায় পিকেটাররা।

ফেনী: শহরে চারটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ইজিবাইক ভাঙচুর করে হরতালকারীরা। বড় মসজিদের সামনে দুটি অটোরিকশা ও ইসলামপুর রোডের মাথায় একটি ইজিবাইকে আগুন ধরিয়ে দেয় তারা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাসের ফাজিলপুর এলাকায় চারটি ট্রাকে তারা ভাঙচুর চালায়। এ সময় পুলিশ শিবিরের দুই কর্মীকে আটক করে। এ ছাড়া মঙ্গলবার রাতে ফেনী শহরের বিভিন্ন স্থান থেকে শিবিরের ছয় কর্মীকে আটক করা হয়।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে সকালে জামায়াত-শিবিরের কর্মীরা শিমুলবাড়ী মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ চত্বর থেকে একটি মিছিল নিয়ে উপজেলা সদরের দিকে আসার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জামায়াত-শিবিরের কর্মীরা মশিউর রহমান ও লাভলু মিয়া নামের পুলিশের দুই সদস্যকে মারধর করেন। ঘটনাস্থল থেকে শিবিরের এক কর্মীকে আটক করা হয়েছে।

বগুড়া: পুলিশের একটি টহল গাড়ি সকালে বগুড়া শহরের খান্দারবাজার অতিক্রমকালে জামায়াত-শিবিরের কর্মীরা সাত-আটটি ককটেল ফাটান। এতে পুলিশের শিক্ষানবিশ এসআই জুলহাস হোসেন ও কনস্টেবল রমজান আলী আহত হন। ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়েছে। বিকেলে শহরের চারমাথা এলাকায় একইভাবে পুলিশের গাড়ি লক্ষ্য করে তিন-চারটি ককটেল ফাটান জামায়াত-শিবিরের কর্মীরা। পিকেটিং করার সময় শিবগঞ্জের কিচক ইউনিয়ন জামায়াতের আমির মোফাজ্জল হোসেনসহ দুজনকে আটক করা হয়।

শেরপুরের কৃষ্টপুর এলাকায় সকালে কর্তব্যরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে সহকারী উপপরিদর্শক (এএসআই) তফিজ উদ্দিন আহত হন। এ ছাড়া পিকেটাররা ঢাকা-বগুড়া মহাসড়কে কমপক্ষে ১০টি যানবাহনে ভাঙচুর চালায়। এ সময় জামায়াতের ছয় কর্মীকে আটক করে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ: স্বরূপনগরে দুটি ও আরামবাগে একটি ককটেল ফাটান শিবিরের কর্মীরা। পুলিশ আরামবাগ থেকে কাজল ইসলাম (১১) নামের এক শিশুসহ তিনজনকে আটক করেছে। পুলিশ জানায়, কাজল শিবিরের হয়ে পিকেটিং করছিল।

রাজশাহীতে যানবাহন ভাঙচুরের সময় পেট্রলবোমা হাতে শিবিরের এক কর্মী
রাজশাহীতে যানবাহন ভাঙচুরের সময় পেট্রলবোমা হাতে শিবিরের এক কর্মী

রাজশাহী: মুজাহিদের ফাঁসির রায় ঘোষণার পরই শিবিরের কর্মীরা রাজশাহী-নওগাঁ সড়কের বিমানবন্দরের সামনের রাস্তা অবরোধ করেন। তাঁরা একটি মিশুকে আগুন জ্বালিয়ে দেন। দুপুরে নগরের ডিঙ্গাডোবা এলাকায় পুলিশের সঙ্গে শিবিরের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। বাগমারায় জামায়াতের মিছিলে পুলিশের লাঠিপেটায় একজন আহত হয়েছেন।

রংপুর: মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে হরতালকারীরা সকালে দুটি ট্রাকে আগুন দেয়। এ ছাড়া নগরের টেক্সটাইল মোড়, দর্শনা মোড় ও মডার্ন মোড় এলাকায় ১০টি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের সলঙ্গা থানার নলকা এলাকায় চারটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান ভাঙচুর করেন জামায়াত-শিবিরের কর্মীরা। হরতালের দায়িত্ব পালন করতে গিয়ে হাটিকুমরুলে পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে পুলিশের চারজন সদস্য আহত হন। মুজাহিদের ফাঁসির রায় ঘোষণার পরপরই জামায়াত-শিবিরের কর্মীরা সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের খোকশাবাড়ী এলাকায় ককটেল ফাটান।

সিলেট: নগরের মিরাবাজারে বিকেলে যাত্রীবাহী বাসে আগুন দেন শিবিরের কর্মীরা। শাহী ঈদগাহ, কুমারপাড়া ও কুমারগাঁও তেমুখীতে পুলিশের গাড়িসহ ১৫টি গাড়িতে ভাঙচুর চালান তাঁরা। এ সময় বিভিন্ন স্থান থেকে তিন পিকেটারকে আটক করে পুলিশ। এ ছাড়া বিশ্বনাথে সওজের ডাকবাংলা ও রামসুন্দর হাইস্কুলের কাছে দুটি এবং থানার সামনে একটি ককটেল ফাটানো হয়।

হাজীগঞ্জ (চাঁদপুর): কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের এনায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল পিকেটিং করার সময় আবদুল হামিদ রাউত (২২) নামের শিবিরের এক কর্মীকে আটক করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের সাজা দেন।

জুড়ী (মৌলভীবাজার): জামায়াত-শিবিরের কর্মীরা গতকাল সকালে লাঠিসোঁটা নিয়ে জুড়ী-ফুলতলা সড়কের কলাবাড়ী বাজারে পিকআপ ভ্যান নিয়ে যাওয়ার সময় চালক রাসেলকে মারধর করেন। পরে রাসেলের গ্রামের শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে কলাবাড়ী বাজারে পিকেটারদের ওপর পাল্টা হামলা চালালে উভয় পক্ষের আটজন আহত হন।

গাজীপুর: র‌্যাবের সহকারী পরিচালক মোস্তাক সরকার জানান, হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে গতকাল ভোরে জেলা জামায়াতের আমীর আবুল হাসেম খান, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য নাসরুল্লাহ, সহকারী সেক্রেটারি জামাল উদ্দিন, তাঁর স্ত্রী জেলা মহিলা কর্মপরিষদের সদস্য নাজমুন্নাহার ও জামায়াতের কর্মী কামরুজ্জামানকে গ্রেপ্তার করে জয়দেবপুর থানার পুলিশে হস্তান্তর করা হয়েছে। এদিকে মঙ্গলবারের হরতালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজবাড়ী রোডে মোশারফ টাওয়ারের সামনে বিকেলে অতিরক্তি জেলা প্রশাসক (জেনারেল) শাহনওয়াজ দিলরুবা খানের গাড়িতে আগুন দেয় হরতাল-সমর্থকেরা। এ সময় পাশে থাকা গাজীপুর ক্লিনিকের একটি অ্যাম্বুলেন্সও ভাঙচুর করে তারা।

নারায়ণগঞ্জ: সদর উপজেলার ফতুল্লার ভোলাইল এলাকায় গতকাল সকালে ক্রাউন সিমেন্টের একটি ট্রাক ও প্রিমিয়ার সিমেন্টের একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেন শিবিরের কর্মীরা। এ ছাড়া বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।

লক্ষ্মীপুর: মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী ও উত্তর তেমুহনী এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করেন। তাঁরা উত্তর তেমুহনী এলাকায় ১০-১২টি ককটেল ফাটান।

নোয়াখালী: সোনাপুর বিসিক শিল্পনগর এলাকায় সকালে মাছবোঝাই একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে পিকেটাররা।

ব্রাহ্মণবাড়িয়া: সদর উপজেলার উড়শিউড়া এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে সকালে ৮-১০টি গাড়ি ভাঙচুর করেন শিবিরের কর্মীরা।

সাতক্ষীরা: সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া ও অন্নের মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁরা সেখানে অর্ধশতাধিক ককটেল ফাটান। শহরের অদূরে বাঁকাল এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও গাছ ফেলে সড়ক অবরোধ করেন তাঁরা। একইভাবে তাঁরা সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুরসহ শহরের বিভিন্ন প্রবেশমুখে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।

এদিকে কালীগঞ্জ উপজেলার পাওখালীতে গত মঙ্গলবার পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় উপপরিদর্শক (এসআই) সোহারাব হোসেন বাদী হয়ে মামলা করেন। মঙ্গলবারের ওই সংঘর্ষে পুলিশের গুলিতে রুহুল আমিন গাজী ও আরিফুজ্জামান নামে জামায়াত-শিবিরের দুজন কর্মী নিহত হন।

অন্যদিকে দেবহাটায় আওয়ামী লীগের নেতা আবদুল আজিজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায়ও মামলা হয়েছে। পুলিশ এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

ঝিনাইদহ: শিবিরের কর্মীরা বিকেলে জেলা শহরের আলহেরা এলাকায় পুলিশকে লক্ষ্য করে ১২/১৩টি ককটেল ফাটান। পুলিশও শটগান থেকে গুলি করে পাল্টা জবাব দেয়। এতে আবু হাসান নামের এক শিবিরকর্মী গুলিবিদ্ধ হন। সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে।

যশোর: সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রূপদিয়া ও বসুন্দিয়া এলাকায় দুটি ট্রাক ও একটি বাস ভাঙচুর করেছে হরতাল-সমর্থকেরা।