বিস্ফোরণে অর্পিতার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে

চট্টগ্রাম নগরের পাথরঘাটায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। আজ রোববার বেলা ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্বজনেরা তাঁকে অ্যাম্বুলেন্সে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন ।
আহত ওই নারীর নাম অর্পিতা রানী দেবী (১৬)। তিনি পাঁচতলা ধনা বড়ুয়া ভবনের নিচতলার বাসিন্দা ছিলেন। ওই ভবনের নিচতলায় গ্যাসের পাইপলাইন বিস্ফোরিত হয়। বিস্ফোরণে অর্পিতা রানী দেবীর শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে।
সকালে আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন তাঁর শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহ মো. আবদুর রউফ বলেন, অর্পিতা রানীর শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে।
একই দুর্ঘটনায় আহত অর্পিতার খালা সন্ধ্যা রানী নাথ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।