বিস্ফোরণে উড়ে গেল দুই পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইন বিস্ফোরণে দুই পা হারিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোহিঙ্গা যুবক ইউছুপ নবী l জুয়েল শীল
মাইন বিস্ফোরণে দুই পা হারিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোহিঙ্গা যুবক ইউছুপ নবী l জুয়েল শীল

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংগদু থেকে আট বছর আগে বাংলাদেশে আসেন ইউছুপ নবী (৪৫)। বিয়েশাদি করে কক্সবাজারের উখিয়ায় বসবাস শুরু করেন। সম্প্রতি রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর তাঁর ভাই খলিল বাংলাদেশে ঢোকার চেষ্টা করেন। গত শনিবার সকালে সীমান্তের ওপারে শূন্যরেখার কাছে খলিল বোমা বিস্ফোরণে মারা যান। ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে সীমান্তে ছুটে যান ইউছুপ নবী।
তবে ভাইয়ের লাশের দেখা পাননি ইউছুপ। ফেরার পথে শনিবার রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুনধুম রেজু আমতলী সীমান্তের ওপারে মাটিতে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে দুই পা উড়ে যায় তাঁর। তাঁকে কাঁধে নিয়ে কোনো রকমে সীমান্ত অতিক্রম করেন আরেক ভাই মো. নূর।
রাখাইনে নতুন করে সহিংসতা শুরু হওয়ার কারণে পাঁচ দিন আগে সীমান্ত পেরিয়ে ভাই ইউছুপের কাছে আসেন নূর। তাঁর ধারণা, পুঁতে রাখা ওই বোমা স্থলমাইন। রোববার বান্দরবান জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশের এক কর্মকর্তা সীমান্তের মিয়ানমার অংশে শূন্যরেখার কাছে মাটিতে পুঁতে রাখা বোমার (ইমপ্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি) বিস্ফোরণে তিন রোহিঙ্গা মারা গেছেন বলে জানান।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শনিবার নিশ্চিত করে বলেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী বাংলাদেশ সীমান্তে নিষিদ্ধ স্থলমাইন পুঁতে রেখেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখন চিকিৎসা চলছে ইউছুপের। বিস্ফোরণে দুই পা হারানোর পাশাপাশি তাঁর চোখ ও শরীরের বিভিন্ন অংশে স্প্লিন্টার রয়েছে। নাইক্ষ্যংছড়ির ঘুনধুম রেয়াজুনিংপাড়ার বাসিন্দা তিনি। তিন ছেলেমেয়ের বাবা ইউছুপ গতকাল সোমবার বিকেলে হাসপাতালে প্রথম আলোকে বলেন, বোমা বিস্ফোরণের পর দুই পা উড়ে যায়। এরপর আর কিছু মনে নেই।

ছোট ভাই মো. নূর বলেন, হেঁটে সীমান্ত পার হচ্ছিলেন তাঁরা। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তিনি ইউছুপের একটু পেছনে থাকায় রক্ষা পান। এরপর ভাইকে রক্তাক্ত অবস্থায় কাঁধে নিয়ে তিনি পালিয়ে আসেন।

ইউছুপকে প্রথমে কক্সবাজারের কুতুপালংয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে রোববার রাতে চট্টগ্রামে আনা হয়। মো. নূর হাসপাতালে তাঁর শুশ্রূষা করছেন। তিনি বলেন, কয়েক দিন আগে চার বোনকে নিয়ে তিনি বাংলাদেশে ঢোকেন। খলিল সীমান্ত পার হওয়ার সময় মারা যান বলে লোকজন এসে তাঁদের জানান। সীমান্তে পড়ে থাকা ভাই খলিলের লাশ আনতে যান তাঁরা। কাপড়চোপড় পাওয়া গেলেও লাশ পাওয়া যায়নি।

নাইক্ষ্যংছড়ির তমব্রু উত্তরপাড়ার মোহাম্মদ হাসানও (৩২) মাটিতে পুঁতে রাখা বোমায় আহত হয়ে রোববার রাতে হাসপাতালে ভর্তি হন। বিস্ফোরণে বাঁ পা হারিয়েছেন তিনি। শরীরের বিভিন্ন অংশে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। সীমান্তে গরু পালন করেন তিনি।

হাসান বলেন, সীমান্ত এলাকায় হাঁটার সময় হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটে। অন্তত ১৫ ফুট ওপরে উঠে যান তিনি। পরে মাটিতে আছড়ে পড়েন। আর কিছু মনে নেই তাঁর। কুতুপালংয়ে (কক্সবাজারের উখিয়ায়) জ্ঞান ফেরার পর দেখেন, বাঁ পা নেই।

হাসানের সঙ্গে হাসপাতালে রয়েছেন তাঁর স্ত্রী খাদিজা বেগম। তিনি বলেন, আহত হওয়ার পর স্থানীয় লোকজন তাঁর স্বামীকে উদ্ধার করেন। তাঁদের দুই ছেলে। বড় ছেলে প্রতিবন্ধী।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রধান ইকবাল হোসাইন বলেন, ইউছুপের দুই পা কেটে ফেলতে হয়েছে। অন্যজনের একটি পা কাটতে হয়েছে। তাঁদের অনেক দিন চিকিৎসা নিতে হবে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরোয়ার কামাল বলেন, ইউছুপ রোহিঙ্গা। হাসান গরু ব্যবসায়ী। দুজনই সীমান্তের ওপারে মাটিতে পুঁতে রাখা বোমায় আহত হন।