কক্সবাজারের টেকনাফ থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত সাড়ে সাত বর্গকিলোমিটারের ছোট্ট প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। জীববৈচিত্র্যে সমৃদ্ধ দ্বীপটির যত্রতত্র বিস্ফোরণ ঘটিয়ে পাথর সংগ্রহ চলছে। এসব পাথর চূর্ণবিচূর্ণ করে হোটেল-মোটেল, বাসতবাড়ি, দোকানপাটসহ নানা অবকাঠামো নির্মাণে ব্যবহার করা হচ্ছে। এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। অথচ দ্বীপ থেকে পাথর আহরণ, অবকাঠামো নির্মাণ ও জমির পরিবর্তন, বেচাবিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, দ্বীপের উত্তর-পশ্চিম ও দক্ষিণ দিকের সৈকতে পড়ে আছে প্রাকৃতিকভাবে সৃষ্ট বিশাল পাথরের স্তূপ। জোয়ারের সময় পানির উচ্চতা বাড়লে পাথরের সারি ডুবে যায়। ভাটার সময় পানি কমে গেলে পাথরের স্তূপ আবার ভেসে ওঠে। তখন দলবেঁধে লোকজন খুন্তি দিয়ে এসব পাথর তুলে এনে বিক্রি করে। আবার দ্বীপের মাঝরপাড়া, দক্ষিণপাড়া, পূর্বপাড়ার যত্রতত্র ফসলি জমিতেও চলছে বারুদের বিস্ফোরণ ঘটিয়ে পাথর উত্তোলন। অনেকে সৈকতের পাথর তুলে এনে ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তাপ্রাচীরে ব্যবহার করছে। দ্বীপের পশ্চিমপাড়া আশ্রয়কেন্দ্র-সংলগ্ন ফসলি জমি থেকে পাথর উত্তোলন করছিলেন স্থানীয় ২০-২৫ জন মানুষ। এঁদের মধ্যে ১০জন নারী ও শিশু রয়েছে। কাছে গেলে পুরুষেরা পালিয়ে যান। পাথর আহরণকারী সখিনা খাতুন (৩৮) ও গোলজার বেগম (২৮) জানান, হোটেলমালিকের কাছে বিক্রির জন্য তাঁরা ব্যক্তি মালিকানাধীন জমি থেকে পাথর তুলছেন। এর জন্য হোটেলমালিক ও ঠিকাদারেরা এক ব্যক্তির মাধ্যমে তাঁদের অগ্রিম টাকা দিয়ে রাখেন। দ্বীপের মাঝরপাড়ায় দেখা গেছে, ফসলি জমিতে ২০-৩০ জন নারী-পুরুষ মাটির নিচ থেকে পাথর আহরণ করছেন। প্রথমে তাঁরা পাথরের ওপরের ও চতুর্দিকের মাটি সরিয়ে গর্ত খুঁড়েন। লোহার রড দিয়ে পাথরে সাত-আট ইঞ্চি দীর্ঘ ও সরু একটি ছিদ্র করা হয়। তারপর ম্যাচের কাঠি থেকে সংগ্রহ করা বারুদ ফেলে দেওয়া হয় ওই ছিদ্রপথে। কেরোসিন ভেজানো সুতলির একটা মাথা বারুদের সঙ্গে সংযুক্ত রেখে অন্য মাথায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আগুনে সুতলি পুড়ে পুড়ে পাথরের ভেতর রাখা বারুদ স্পর্শ করা মাত্রই বিকট শব্দে বিশাল পাথর টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ে। বিস্ফোরণের সময় ভূমিকম্পের মতো কেঁপে ওঠে গোটা এলাকা। ঢাকা আসা পর্যটক আমিনুর রশিদ (৪৫) জানান, গত ১৯ জানুয়ারি বেলা দুইটার দিকে হোটেলে বসে পরিবার-পরিজন নিয়ে তিনি ভাত খাচ্ছিলেন। এ সময় তাঁদের হোটেলটি কেঁপে ওঠে। তাঁরা ভয়ে বাইরে চলে আসেন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, ভূমিকম্প নয়, আসলে পাথর আহরণকারীদের বিস্ফোরণের ফলে ভূকম্পনের সৃষ্টি হয়েছে। দুদিন দ্বীপে অবস্থানকালে তিনি পাঁচবার ভূকম্পন অনুভব করেছেন। স্থানীয়রা জানায়, আগে টেকনাফ থেকে ইঞ্জিন নৌকায় করে ইট-বালু, রড-সিমেন্ট এনে দ্বীপের হোটেল-মোটেল, দোকানপাট, বসতবাড়ি তৈরি করা হতো। নিষেধাজ্ঞা থাকায় এখন এসব আনতে দিচ্ছে না পুলিশ। তাই লোকজন সৈকত ও ফসলি জমি থেকে পাথর আহরণ করছে। বর্তমানে ছোট এই দ্বীপে ৩০টিরও বেশি হোটেল-মোটেল, দুই শতাধিক আধপাকা দোকানপাট ও বসতবাড়ি রয়েছে। এর বেশির ভাগ স্থাপনায় দ্বীপের পাথর ব্যবহার করা হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। পরিবেশ অধিদপ্তর টেকনাফ কার্যালয়ের জীববৈচিত্র্য কর্মকর্তা এ বি এম আমিনুল হক জানান, ব্যাপকভাবে পাথর উত্তোলন করায় পুরো দ্বীপটি হুমকির মুখে পড়েছে। দ্বীপটিতে বিস্ফোরণ ঘটিয়ে পাথর উত্তোলনের হিড়িক পড়েছে। কিছুতেই এই পাথর উত্তোলন বন্ধ করা যাচ্ছে না।বিশ্বস্ত একটি সূত্র জানায়, ১০ জনের একটি চক্র শ্রমিক নিয়োগ করে সৈকত ও ফসলি জমি থেকে পাথর উত্তোলনের পাশাপাশি শামুক-ঝিনুক, প্রবাল-শৈবাল আহরণ করছে। পুলিশের কাছে তাদের তালিকা দেওয়া হলেও এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি। সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল হক পাথর উত্তোলনের সত্যতা নিশ্চিত করে জানান, আহরণকারীদের তালিকা কেউ দেয়নি। তার পরও খবর পেলে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে আহরণকারীদের ধরা সম্ভব হয় না। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুর মোহাম্মদ জানান, সৈকত থেকে পাথর উত্তোলনের ফলে সামুদ্রিক জলোচ্ছ্বাসে ইতিমধ্যে দক্ষিণ-পশ্চিমপাড়ার প্রায় ২০০ বসতবাড়ি বিলীন হয়ে গেছে। আরও দেড় শতাধিক বসতবাড়ি ঝুঁকির মুখে আছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তর উপকূলীয় ও জলাভূমির জীববৈচিত্র্য রক্ষার্থে দ্বীপের সাড়ে সাত বর্গকিলোমিটার এলাকার ভূখণ্ডকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করে শামুক, ঝিনুক, পাথর ও প্রবাল-শৈবাল আহরণ, বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করে। উপজেলার নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন জানান, আইন অমান্য করে কিছু ব্যক্তি পাথরসহ শামুক-ঝিনুক আহরণ করছে এমন খবর পাওয়া যাচ্ছে। এসব বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।