বিস্ফোরণে দগ্ধ যমুনা অয়েলের শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ১১ নম্বর ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শ্রমিক শামসুল আলম গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ছয় দিন হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ে হার মানতে হলো তাঁকে।
গত শুক্রবার সন্ধ্যায় ১১ নম্বর ট্যাংকে অটোগেজিংয়ের কাজ করার জন্য জ্বালানি তেল সরানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে শামসুল আলমসহ ১০ জন আহত হন।
তাঁদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য শামসুলসহ সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শামসুল মারা যান। তাঁর শরীরের ৫২ শতাংশ পুড়ে গিয়েছিল।
শামসুল আলমের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়ায়। তাঁর বাবার নাম ইদ্রিস আলী।