বিস্ফোরণে বোমার 'কারিগর' আহত
ফেনীতে গতকাল শুক্রবার বোমা তৈরির সময় বিস্ফোরণে যুবলীগের এক কর্মী আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র এ কথা জানিয়েছে। এদিকে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেলে শহরের উত্তর সহদেবপুর এলাকার হারুন কলোনির একটি ঝুপড়িঘরে বসে বোমা তৈরির সময় বিস্ফোরণে যুবলীগের কর্মী জাহিদ হোসেন (২৭) আহত হন। বিস্ফোরণে তাঁর মুখমণ্ডল, বুক ও হাত ঝলসে গেছে। সূত্র জানায়, জাহিদকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, জাহিদ হোসেন বোমা তৈরির কারিগর। বোমা তৈরির সময় বিস্ফোরণে তিনি আহত হন। তিনি জানান, জাহিদ চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে ফেনী থানায় সন্ত্রাস ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।
এদিকে গতকাল বিকেলে শহরের ট্রাংক রোডের খেজুর চত্বরে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে ইমাম হোসেন তারেক (১৫) নামের একজন দোকান কর্মচারী আহত হয়েছে। ফেনী সদর হাসপাতালের আরএমও অসীম কুমার সাহা জানান, জাহিদের অবস্থা আশঙ্কাজনক। ইমাম হোসেন আশঙ্কামুক্ত।