
গাজীপুরের টঙ্গীর টাম্পাকো কারখানায় বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের এক মাস পূর্তি হচ্ছে আজ সোমবার। কিন্তু এ সময়ের মধ্যে বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি। তদন্ত কমিটিগুলোও পরস্পরবিরোধী তথ্য দিচ্ছে।
গতকাল রোববার জানতে চাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ পর্যন্ত সাতটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে দু-একটি কমিটি প্রতিবেদন দিয়েছে। আমাদের তদন্ত শেষ। আগামী দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। এর আগে বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।’
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, টাম্পাকো কারখানায় ১০ সেপ্টেম্বর ভয়াবহ বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। তারা প্রাথমিকভাবে ধারণা করছে, কারখানার বয়লার, গ্যাস চেম্বার অথবা রাসায়নিক পদার্থের ড্রাম থেকেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার পরদিন থেকে সেনাসদস্যরা ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন। তাঁদের সঙ্গে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ধ্বংসস্তূপে আর কোনো লাশ নেই বলে তাঁরা ধারণা করছেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আখতারুজ্জামান বলেন, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার এখনো সঠিক কারণ জানা সম্ভব হয়নি। তাঁদের তদন্ত কমিটির সদস্যরা কাজ করছেন।
কারখানার তত্ত্বাবধায়ক গোলাম মাওলা বলেন, কারখানায় ড্রামভর্তি অনেক রাসায়নিক পদার্থ ছিল। ড্রাম থেকে কারখানায় বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন।
শিল্প মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. দাবিরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ড ও ভবনধসের ঘটনা বয়লার বিস্ফোরণ থেকে হয়নি। কারণ, কারখানায় থাকা দুটি বয়লারের ইনসুলেশন ও পাশে থাকা ওয়েল হিটার পুড়ে গেলেও বয়লার দুটি ছিল অক্ষত। এ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ অন্য কিছু থেকে ঘটেছে। তবে চূড়ান্ত তদন্তের পরই প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।
কিন্তু তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, তিতাস গ্যাস থেকে বিস্ফোরণ কিংবা অগ্নিকাণ্ড ঘটেনি। তিতাসের পাইপলাইনে কোনো ছিদ্রও ছিল না। তিতাসের ঢাকা মেট্রো (উত্তর) বিপণন মহাব্যবস্থাপক ও তদন্ত কমিটির প্রধান রানা আকবর হায়দারী গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, তিতাস থেকে নয়, ওই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা রাসায়নিক পদার্থ থেকেই হয়ে থাকতে পারে বলে তাঁদের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদ হাসান গতকাল বলেন, দুর্ঘটনায় ৩৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩১টি লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাতনামা আটজনের লাশ রয়েছে। ডিএনএ পরীক্ষার ফলাফল পাওয়া গেলে এসব লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজের তালিকা অনুযায়ী একটি লাশ পাওয়া যায়নি। ধ্বংসস্তূপ সরিয়ে সম্ভাব্য সব স্থানে লাশের সন্ধান করা হয়েছে। কিন্তু কোথাও লাশ পাওয়া যায়নি। আগামী দু-এক দিনের মধ্যে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসনসহ সবাইকে নিয়ে বৈঠক করা হবে। বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে উদ্ধারকাজের সমাপ্তি ঘোষণা করা হবে।