বিস্মৃতপ্রায় শহীদ নাজমুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ২৫ মার্চ রাতে রাজশাহীতে শহীদ হয়েছিলেন তত্কালীন পাকিস্তান জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) একমাত্র সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হক সরকার। পরিবারের সদস্যরা তাঁর লাশ দাফনের সুযোগ পায়নি। তাঁর পরিবারের দুঃখ একটাই, হরহামেশাই মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। কিন্তু কোনো অনুষ্ঠানে নাজমুল হকের নাম উচ্চারণ করা হয় না।হেরিটেজ রাজশাহীর সভাপতি ও মুক্তিযোদ্ধা মাহবুব সিদ্দিকী জানান, ১৯৭০ সালের জাতীয় পরিষদের নির্বাচনে রাজশাহীর চারঘাট, লালপুর, বড়াইগ্রাম ও গুরুদাসপুর (রাজশাহী-৮) নির্বাচনী এলাকা থেকে মোট ছয়জন প্রার্থীর মধ্যে নাজমুল হক সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামরুজ্জামান ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি, আর নাজমুল হক ছিলেন সাধারণ সম্পাদক। ২৫ মার্চ রাতে আওয়ামী লীগের কার্যালয়ে ফেলে আসা কিছু কাগজ আনতে যাওয়ার পথে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর একটি জিপের সামনে পড়ে যান। সেখানেই তাঁকে গুলি করে হত্যা করা হয়।তাঁর স্ত্রী সাবেরা হক জানান, ২৫ মার্চ সকালেই তাঁর স্বামী আন্দাজ করেছিলেন, ভয়ংকর কিছু একটা ঘটতে যাচ্ছে। এ জন্য তিনি পরিবারের সবাইকে মামার বাড়ি পাঠিয়ে দেন। পরে বাড়ি থেকে বাঘার আলাইপুরে গিয়ে ওঠেন। সেখান থেকে চলে যান ভারতে। ফিরে এসে তিনি স্বামীর লাশের কোনো হদিস পাননি। দেশ স্বাধীন হওয়ার পর এ এইচ এম কামরুজ্জামান রাজশাহীতে শহীদ নাজমুল বালিকা উচ্চবিদ্যালয় নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।শহীদ নাজমুল হকের বড় ছেলে নাসিমুল হক বলেন, ‘কিছুদিন আগে সিটি করপোরেশনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হলো। সেখানে বাবার নামই নেই।’রাজশাহীর বাঘা উপজেলার নওটিকা গ্রামের দলিল লেখক আকসেদ আলী জানান, সাবেক চারঘাট থানা থেকে যত মানুষ রাজশাহীতে কাজে যেতেন, সবার ঠিকানা ছিল নাজমুল হকের বাসা। বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লায়েব উদ্দিন জানান, এর আগের মেয়াদে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তখন তিনি উদ্যোগ নিয়ে বাঘার হাবাসপুরে নাজমুলের নামে একটি রাস্তার নামকরণ করেছিলেন। পরে সেই নামফলকটিও হারিয়ে গেছে।রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রফিক উদ্দিন জানান, দলের লোকদের বাঁচাতে নাজমুল হক অফিসের কাগজপত্র বের করতে গিয়ে শহীদ হন। এখন তাঁর কথা কেউ বলে না।