এ যেন নিজের সঙ্গে খেলা। মাথায় লাল ব্যান্ড। হাতে টেনিস র্যা কেট। চুপচাপ বল পিটিয়ে চলেছেন তিনি। আয়নার দেয়ালে বাড়ি খেয়ে বারবার বল ফিরে আসছে। লাল ছোপে ভর্তি হয়ে যাচ্ছে দেয়াল। আস্তে-ধীরে ভিড় বাড়ছে এই অদ্ভুত একাকী খেলা ঘিরে। সেদিকে ভ্রুক্ষেপ নেই শিল্পীর। তাঁর ভাষায় ‘নিজের প্রতিবিম্বের সঙ্গে নিজের খেলা’ তিনি খেলে চলছেন অবিরাম। ‘ডায়ালগ নেগোসিয়েশন’ শিরোনামের এই পারফরম্যান্সের শিল্পীর নাম কবির আহমেদ মাসুম চিশতি। খেলা থেকে চোখ সরাতেই সামনে আরেক বিচিত্র ঘটনা।
শার্ট-প্যান্ট, জুতা, পরচুলা, বক্ষবন্ধনী—যাবতীয় সব পরিধেয় ছড়িয়ে-ছিটিয়ে আছে চারপাশে। ঝলমলে রঙিন পোশাক গায়ে মাঝখানে বসে আছেন পারফরমার। অর্ধেক পরিধেয় নারীর, অর্ধেক পুরুষের। পারফরম্যান্সের শিরোনাম ‘ইনসাইড দ্য জোন, আউটসাইড ইওর কনশান্স’। ঢাকা আর্ট সামিটের পারফরম্যান্স প্যাভিলিয়ন দ্বিতীয় দিনও পূর্ণ ছিল এমন ব্যতিক্রমী সব আয়োজন আর আলোচনায় সরগরম।
‘এত্ত মানুষ!’, ‘খুব সুন্দর’, ‘আগে দেখিনি’—শিল্পকলা একাডেমির চিত্রশালায় কান পাতলে দিনভর এসব শব্দই শোনা যাচ্ছিল। দর্শকদের এই বিস্ময় আর আনন্দ-কোলাহলই বলে দেবে দ্বিতীয় দিনেও ঢাকা আর্ট সামিট ঘিরে আগ্রহ একরত্তিও কমেনি; বরং প্রদর্শনীর সঙ্গে পারফরম্যান্স, আবৃত্তি আর শিল্প-বিষয়ক আলাপ-আলোচনায় কাল আরও সরব হয়ে উঠেছে শিল্পের এই মহা আয়োজন।
বৈঠকি আলাপ: কখনো চিত্রশালার মিলনায়তনে বা কখনো লে মেরিডিয়ান আর্ট লাউঞ্জে। কখনো প্যানেল আলোচনা, কখনো আড্ডার ঢঙে। কাল আর্ট সামিটে ছিল বেশ কিছু আলোচনা আর সংলাপ। ‘কালেক্টিং সাউথ এশিয়ান আর্ট ইন আ নন ওয়েস্টার্ন কনটেক্সট’ শিরোনামের আলোচনায় অংশ নেন বিভিন্ন দেশের জাদুঘরের প্রতিনিধিরা। আলোচনায় নয়াদিল্লির কিরণ নাদের জাদুঘরের প্রধান সংগ্রাহক রুবিনা কারোডে ভারতের শিল্প সংগ্রহ ও প্রদর্শনীর বর্তমান অবস্থা তুলে ধরেন। কিউরেটর হিসেবে তাঁর দীর্ঘ অভিজ্ঞতার কথা বলেন জাপানের ফুকোওকা এশিয়ান আর্ট মিউজিয়ামের রিনা ইগারিশি। আরও ছিলেন শারজাহ আর্ট ফাউন্ডেশনের প্রতিনিধি শাইখা হুর আল কাশিমি।
আলোচনা ছাড়া ‘মিসিং ওয়ান’ শাখায় ছিল ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে বাংলা ও ইংরেজি কবিতা আবৃত্তি। ‘ব্রিটিশ কাউন্সিল পোয়েট্রি ট্রেইল’ শিরোনামের আয়োজনে ছয়জন তরুণ একেকটি শিল্পকর্ম নিয়ে লিখেছিলেন কবিতা। আর সেটি পাঠ করেছেন তাঁদের সেই পছন্দের শিল্পকর্মের সামনে।
স্মৃতিকাতর স্টেশন: ঘোষিত হয়েছে এবারের সামদানী আর্ট ফাউন্ডেশন অ্যাওয়ার্ড বিজয়ী শিল্পীর নাম। বাংলাদেশের উদীয়মান ১৩ জন শিল্পীর কাজের মধ্য থেকে ‘রেলওয়ে লঙ্গিংস’ শিরোনামের আলোকচিত্র সিরিজের জন্য রাসেল চৌধুরী পেয়েছেন এই পুরস্কার। তাঁর স্মৃতির রেলস্টেশন আর আশপাশের বিবিধ চরিত্রকে নিয়ে রাসেল চৌধুরীর এই আলোকচিত্র সিরিজ।
সামদানী আর্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় চলছে ঢাকা আর্ট
সামিট ২০১৬। আর্ট সামিটের পর্দা নামবে ৮ ফেব্রুয়ারি। আজও সকাল ১০টা থেকে রাত ৯টা জাতীয় চিত্রশালার দরজা উন্মুক্ত থাকবে দর্শকদের জন্য।