রাজধানীর পল্লবীতে বিহারি ক্যাম্পে গত বছর সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হালিম চাকলাদার। সঙ্গে ছিলেন হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, মিরপুর অঞ্চলের উপকমিশনার (ডিসি), পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার, পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ও ঢাকার জেলা প্রশাসককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন আদালত।
২০১৪ সালের ১৪ জুন আতশবাজি পোড়ানোকে কেন্দ্র করে ক্যাম্পে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন নিহত হন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে ক্ষতিপূরণ চেয়ে ১৬ আগস্ট রিট আবেদনটি করেন উর্দু স্পিকিং পিপলস ইয়ুথ রিহ্যাবিলেটেশন মুভমেন্টের সভাপতি মো. সাদাকাত হোসেন খান ও সেক্রেটারি মো. সাহিদ আলী।