বিহারি ক্যাম্পে দুঃসহ প্রহর
আগুন আর হামলার পর এবার মামলার ভয়ে এলাকাছাড়া রাজধানীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পের অনেক পুরুষ৷ ক্যাম্পে না থাকায় তাঁরা কাজও করতে পারছেন না৷
‘কারচুপি’ কাজের শ্রমিক ইমরান মিয়ার দৈনিক আয় ২৫০ থেকে ৩০০ টাকা। কিন্তু গত শনিবার ক্যাম্পে হামলার পর থেকে একরকম বেকার তিনি। পরিবারের সদস্যদের মুখে খাবার জোগাতে তাই বেচে দিয়েছেন নিজের মুঠোফোনটি। গতকাল বৃহস্পতিবার কালশী সড়কে চলা বিহারিদের বিক্ষোভের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে কথা হয় ইমরান মিয়ার সঙ্গে৷ দশ ও ছয় বছরের দুটি সন্তানের বাবা ইমরান৷
কালশীর এ ক্যাম্পের অনেক পরিবারের অবস্থাই ইমরানের মতো৷ দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে মোট ১১টি ঘর ও একটি দোকান৷ ওই ঘরগুলোর একটি ছিল মনা মিয়ার। ঘর পুড়ে যাওয়ার পর থেকে তিনি স্ত্রী ও চার সন্তান নিয়ে থাকছেন ক্যাম্পের একটি এনজিও পরিচালিত স্কুলে। আয়-উপার্জন একেবারে বন্ধ৷
আগুনে পুড়ে ও অগুনতি ঢিলে নষ্ট হয়ে গেছে সাবেরা বেগমের ঘরের চাল৷ তালাবদ্ধ সেই ঘরের সামনে ফুটপাতে হাত-পা ছড়িয়ে বসেছিলেন সাবেরা। বললেন, ‘এর-ওর বাসায় থাকতাছি। চিন-পরিচয় আছে যারা, তারা দয়া কইরা থাকতে দিতাছে।’
ক্যাম্প কমিটির চেয়ারম্যান জালালউদ্দীন ভন্টু বললেন, তাঁরা সরকারের কাছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন৷ তবে গতকাল পর্যন্ত এসব নিয়ে কিছুই হয়নি।
এখনো জানে না ফারজানা: শরীরের বিভিন্ন অংশ ব্যান্ডেজে মোড়ানো কিশোরী ফারজানার। মাঝেমধ্যে যন্ত্রণাক্লিষ্ট স্বরে ফুফুকে ডাকছে। বিহারি ক্যাম্পে লাগিয়ে দেওয়া আগুনে দগ্ধ হয়ে মারা গেছে ফারজানার মা, তিন ভাই, তিন বোন, ভািব ও ভাগনে—এই নয়জন। একই ঘরে থাকা ফারজানা কোনো রকমে বেঁচে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন সে৷ তার শরীরের ১৭ শতাংশ পুড়ে গেছে।