বিহারি ক্যাম্পে সংঘর্ষ-আগুন, নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্লবীর কালশী এলাকায় আজ আতশবাজি পোড়ানোকে কেন্দ্র করে আগুন দেওয়ার ঘটনায় নিহত নয়জনের দগ্ধ লাশ। ছবি: আশরাফুল আলম
পল্লবীর কালশী এলাকায় আজ আতশবাজি পোড়ানোকে কেন্দ্র করে আগুন দেওয়ার ঘটনায় নিহত নয়জনের দগ্ধ লাশ। ছবি: আশরাফুল আলম


রাজধানীর পল্লবীর কালশীতে আজ শনিবার ভোর থেকে বিহারিদের সঙ্গে স্থানীয় লোকজন ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় বিহারিদের কয়েকটি ঘরে আগুন দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় একই পরিবারের সাতজনসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। নিহত লোকজনের মধ্যে দুই শিশু রয়েছে।


নিহত নয়জনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। বেলা সাড়ে তিনটার দিকে বিহারি ক্যাম্পের ভেতর অবস্থিত আটকে পড়া পাকিস্তানিদের কার্যালয় থেকে নয়টি সাদা চটের বস্তায় ভরে একটি পিক আপ ভ্যানে করে লাশগুলো নিয়ে যাওয়া হয়। এ সময় ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুনের ও স্ট্রান্ডেড পাকিস্তানিজ জেনারেল রিপ্যাট্রিয়েশন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় গুলিবিদ্ধ আজাদ (৩৫) নামের এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ আগেই মর্গে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক মশিউর রহমান প্রথম আলোকে জানান, হাসপাতালে আনার আগেই আজাদের মৃত্যু হয়েছে।


হতাহত: আগুনে দগ্ধ হয়ে ও সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে অন্তত ১০ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।

বিহারি ক্যাম্পের বাসিন্দা মো. ইয়াসিনের দাবি, আগুনে তাঁর পরিবারের সাতজন সদস্য নিহত হয়েছে। একজন নিখোঁজ ও আরেকজন আহত হয়েছে। গুলশান ক্লাবের সেলুনে চাকরি করেন বলে দাবি করেছেন ইয়াসিন।

স্বজনদের শোকে কাঁদছেন নবাব হোসেন (বাঁয়ে)। ছবি: আশরাফুল আলম
স্বজনদের শোকে কাঁদছেন নবাব হোসেন (বাঁয়ে)। ছবি: আশরাফুল আলম

ইয়াসিনে দেওয়া তথ্যমতে, নিহত ব্যক্তিরা হলেন তাঁর স্ত্রী বেবী (৪০), তিন মেয়ে শাহানা (২৬), আফসানা (১৯) ও রোকসানা (১৬), যমজ দুই ছেলে লালু (১৪) ও ভুলু (১৪) এবং মেয়ে শাহানার ছেলে মারুফ (২)।

সংঘর্ষে গুলিবিদ্ধ মো. আজাদ মিরপুর বেনারসি পল্লির কারিগর বলে দাবি করা হয়েছে। ক্যাম্পের বাসিন্দাদের ভাষ্য, নিহত বাকি দুজনের নাম বাবুল ও আশিক।

প্রথম আলোর পক্ষ থেকে প্রাণহানির সংখ্যা নিশ্চিত করা গেছে। তবে নিহত লোকজনের পাওয়া নাম-পরিচয়ের তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। পরিবারের সদস্যদের দাবির ভিত্তিতে নামগুলো পাওয়া গেছে।
প্রাণহানি ঘটার তথ্যের সত্যতা পুলিশও নিশ্চিত করেছে। তবে তারা সঠিক সংখ্যা জানাতে পারেনি।

প্রথম আলোকে সংঘর্ষে নিহতের সঠিক সংখ্যা জানাতে না পারলেও হতাহতের বিষয়টি নিশ্চিত করেন মিরপুর জোনের পুলিশের কমিশনার ইমতিয়াজ আহমেদ।

সংঘর্ষে আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজন অগ্নিদগ্ধ ও বাকি চারজন গুলিবিদ্ধ। আহত ব্যক্তিরা হলেন ফারজানা (১৬), আরজু (১৭), বদরউদ্দিন (৪৫), মো. সরদার (৪৮) ও আসলাম (৫০)।


ঘটনার সূত্রপাত: পল্লবীর ঘটনা সম্পর্কে পুলিশ, এলাকাবাসী ও বিহারিরা একেক রকম দাবি করেছে।

মিরপুর জোনের পুলিশের ডেপুটি কমিশনার ইমতিয়াজ আহমেদের ভাষ্য, বিহারিদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে সংঘর্ষ হয়েছে। শবে বরাত উপলক্ষে এক পক্ষ অন্য পক্ষের বাসার সামনে গিয়ে আতশবাজি ফোটায়। একে কেন্দ্র করেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নাম প্রকাশ না করে কয়েকজন প্রত্যক্ষদর্শী ও এলাকার লোকজনের দেওয়া ভাষ্য, শবে বরাত উপলক্ষে আতশবাজি পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে আজ ফজরের নামাজের পর বিহারিদের সঙ্গে স্থানীয় বাঙালিদের সংঘর্ষ শুরু হয়। এরপর থেমে থেমে সংঘর্ষ চলে। সংঘর্ষের একপর্যায়ে কুর্মিটোলা বিহারি ক্যাম্পের বেশ কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়। এতে একই পরিবারের সাতজনসহ অন্তত নয়জন নিহত হয়েছে।

আজাদ ও নূর ইসলাম নামের দুজন বিহারির দাবি, স্থানীয় বাঙালিদের বস্তিতে বিদ্যুতের লাইন নেওয়া নিয়ে এ ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতে আজ ভোরে স্থানীয় বাঙালিরা প্রথমে এসে বিহারি ক্যাম্পে হামলা চালায়।

পল্লবীর কালশী এলাকায় সংঘর্ষের একপর্যায়ে পুলিশের ধাওয়া। ছবি: আশরাফুল আলম
পল্লবীর কালশী এলাকায় সংঘর্ষের একপর্যায়ে পুলিশের ধাওয়া। ছবি: আশরাফুল আলম

বিহারি ক্যাম্পের বাসিন্দা মো. মুমতাজ ও জাহিদের ভাষ্য, শবে বরাত উপলক্ষে কাল রাতে আতশবাজি পোড়ানো হচ্ছিল। এ সময় পুলিশ বিহারিদের ধাওয়া করে। পরে বাউনিয়া বাঁধ, রাজি বস্তিসহ আশপাশের এলাকার বাঙালিরা এসে বিহারি ক্যাম্পে হামলা চালায়। চার-পাঁচ দিন আগে বিহারি ক্যাম্প থেকে রাজি বস্তিতে বিদ্যুত্ সংযোগ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছিল। কিন্তু বিহারিরা এতে বাধা দেয়। আতশবাজির ঘটনাকে কাজে লাগিয়ে বিদ্যুত্ নিয়ে পুরোনো ক্ষোভ থেকে আজকের হামলা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আহত আসলামের স্ত্রী নাজমার দাবি, বিহারি ক্যাম্পের অল্পবয়স্ক ছেলেরা আতশবাজি পোড়াচ্ছিল। ফজরের নামাজ শেষ হওয়ার আগেই কয়েকজন মুসল্লি ঘটনাস্থলে এসে তাদের মারধর শুরু করেন। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে গুলি চালায়।


ঘরে আগুন: সংঘর্ষের জের ধরে বিহারি ক্যাম্পের ভেতরে কয়েকটি ঘরে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আগুন দগ্ধ হয়ে একই পরিবারের সাতজনসহ নয়জন নিহত হয়েছে।

বিহারি ক্যাম্পের বাসিন্দা মো. শমশেরের দাবি, পুলিশের সঙ্গে যোগ দিয়ে স্থানীয় বাঙালিরা বিহারিদের সঙ্গে সংঘর্ষ জড়ায়। একপর্যায়ে বিহারিদের কয়েকটি ঘরে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।

আদিল আহমেদ দাবি করেন, বাইরের দিকে থেকে তালা লাগিয়ে দিয়ে বেশ কয়েকটি ঘরে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে। এ সময় লুটপাটের ঘটনাও ঘটেছে।

আগুনে পুড়ে পরিবারের সাত সদস্য নিহত হয়েছে দাবি করে বিহারি ক্যাম্পের অধিবাসী মো. ইয়াসিন বলেন, গন্ডগোলের সময় রাস্তায় ছিলেন তিনি। একজন এসে তাঁকে তাঁর বাসায় আগুনের কথা জানান। তিনি ছুটে গিয়ে ঘরের ভেতরে আগুন এবং দরজায় তালা লাগানো দেখেন। কাউকে বের করতে পারেননি তিনি।


উত্তেজনা: প্রাণহানির খবরে বিহারিরা আরও উত্তেজিত হয়ে পড়ে। ক্যাম্পের ভেতর থেকে শত শত নারী-পুরুষ রাস্তায় বেরিয়ে আসেন। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। ভোর থেকে পুলিশের সঙ্গে বিহারিদের দফায় দফায় সংঘর্ষ হয়। পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন মিরপুর জোনের পুলিশের কমিশনার ইমতিয়াজ আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।