বিহারি ক্যাম্পের চাপ-কাবাব
সন্ধ্যার দিকে মোহাম্মদপুরের শাহজাহান রোড ধরে জেনেভা ক্যাম্পের পাশ দিয়ে যেতেই নাকে লাগবে ভাজা মাংস ও কাবাবের সুবাস। দোকানগুলোর সামনেই ভাজা হচ্ছে মাংসের বিভিন্ন কাবাব, চাপ, লুচিসহ জিবে জল আনা আরও অনেক রকম পদ। সঙ্গে আছে কাবাবের দোকানগুলোর নিয়োগ করা শিশুকর্মীদের হাঁকডাক, ক্রেতাদের পটিয়ে দোকানে ঢোকানোর চেষ্টা। কখনো এই চেষ্টা টানাটানির পর্যায়েও চলে যায়। এভাবেই প্রায় তিন দশক ধরে চলছে ‘বিহারি ক্যাম্পের’ কাবাবের দোকানগুলো।
স্থানীয় ব্যক্তিরা বললেন, ১৯৮৬ সালে মোহাম্মদপুর উচ্চবিদ্যালয়ের সামনে নালার ওপর টং বানিয়ে শুরু হয়েছিল চাপ-কাবাবের ব্যবসা। মোস্তাকিম, ইসলামী, দারুর কাবাব ও সরফু মিয়ার কাবাব নামের চারটি দোকান ছিল তখন। বর্ষায় কাবাবের দোকানের চারপাশে কোমরপানি জমে যেত। এর মধ্যেই অনেকে সেখানে কাবাব খেতে যেতেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে নব্বইয়ের দশকের শেষ দিকে মোস্তাকিম পাকা দোকানে রেস্তোঁরা খুলে ব্যবসা শুরু করেন। বাকিরা আর ব্যবসায় টিকতে পারেননি। ২০০৩ সালে দোকানের ভেতরেই সন্ত্রাসীদের গুলিতে খুন হন মোস্তাকিম। এরপর তাঁর স্ত্রী ও শ্যালক ব্যবসা চালাচ্ছেন।
প্রায় তিন দশকের ব্যবধানেও জেনেভা ক্যাম্পে কাবাবের দোকানের সংখ্যা খুব একটা বাড়েনি। মোস্তাকিমের দোকানটি এখনো টিকে আছে। নতুন হয়েছে মুসলিম, মুরসালিন ও রহিম কাবাব নামে আরও তিনটি দোকান। সব কটি দোকানে মোটামুটি একই ধরনের খাবার পাওয়া যায়। দামও প্রায় কাছাকাছি। খাবারের তালিকায় রয়েছে গরু-খাসির চাপ, বটি কাবাব, গুরদা কাবাব, ক্ষীরি কাবাব, কাঠি কাবাব, সামি কাবাব, টিক্কা কাবাব, মগজ ভাজি, মুরগি-কবুতর ভাজা, মুরগির গিলা-কলিজা, চিকেন কর্ন স্যুপ ও লুচি। তবে সবচেয়ে বেশি বিক্রি হয় গরু-খাসির চাপ। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকে এসব দোকান।
গত বুধবার সন্ধ্যায় মুসলিম কাবাবের দোকানে গিয়ে দেখা যায়, নতুন মোটরসাইকেল কেনা উপলক্ষে সাত বন্ধুকে নিয়ে খেতে এসেছেন আসাদুল ইসলাম চৌধুরী। দোতলার ছোট্ট কামরায় রীতিমতো গাদাগাদি করে বসতে হলো সবাইকে। তাঁরা বসার জায়গা পেতে না-পেতেই ছুটে এলেন দোকানের কর্মী রনি। একনিশ্বাসেই বলে গেলেন খাবারের তালিকা। আসাদুল বললেন, বিভিন্ন উপলক্ষে তাঁরা প্রায়ই এসব দোকানে খেতে আসেন। খাবারের তালিকাও তাঁদের জানা। তবু প্রতিবার একবার করে তালিকাটা শুনে নেন। আসাদুলের বন্ধুরা নিজেদের মতো চাপ, মগজ ফ্রাই, স্যুপ ফরমাশ দিলেন। সঙ্গে যোগ হলো টাটকা শসা-টমেটো কেটে সালাদ মাখিয়ে আনার নির্দেশ।
খাবারের মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ থাকলেও বিভিন্ন উপলক্ষে ছাত্রজীবন থেকে এখানে খেতে আসেন আহসান হাবিব। তিনি বলেন, এখানে ভাজাভুজি খাওয়ার পর মাঝেমধ্যে পেট জ্বলা শুরু হয়, ওষুধও খেতে হয়। তবু লোভ সামলানো যায় না। পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে হাবিব বলেন, রাস্তার ওপর ধুলাবালির মধ্যেই তৈরি হচ্ছে সব খাবার। তেলের মান যে খুব ভালো, তা-ও মনে হয় না। যাঁরা ভাজছেন তাঁদেরও খুব পরিচ্ছন্ন মনে হয় না। বসার পরিবেশও তেমন ভালো নয়। ভেতরে ভ্যাপসা গরম আর ধোঁয়া। গাদাগাদি করে বসতে হয়। যে থালাবাসনগুলোতে খাবার পরিবেশন করা হয়, সবই প্লাস্টিকের; তেল চিটচিটে হয়ে থাকে সব সময়। দোকানমালিককে এসব অভিযোগ করলে তিনি জবাব দেন, তাঁরা গরম গরম পরিবেশন করেন। গরম খাবারে জীবাণু থাকে না।
মোস্তাকিম কাবাবের ব্যবস্থাপক মো. নাজির বলেন, প্রতিদিন গড়ে পাঁচ শ থেকে ছয় শ ক্রেতা আসেন তাঁদের দোকানে। ছোট দোকানগুলোতে তাঁরা বসারও জায়গা দিতে পারেন না অনেক সময়। খাবারের মান সম্পর্কে অভিযোগের বিষয়ে তিনি বলেন, তাঁরা সব সময় ক্রেতাদের ভালোটাই দেওয়ার চেষ্টা করেন। বেশির ভাগ ক্ষেত্রেই ‘ওয়ানটাইম’ তৈজসপত্র ব্যবহার করা হয়। বেশি ধুলাবালি দেখলে তাঁরা শাটার নামিয়ে বা পর্দা টেনে রান্না করেন। ক্রেতাদের আরামদায়ক বসার ব্যবস্থা প্রসঙ্গে মোস্তাকিম বলেন, রাস্তার ওপারে আরেকটি দোকান নেওয়া হয়েছিল। সেখানে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র ছিল। কয়েক দিন আগে দোকানটি তুলে দিয়ে সেখানে বহুতল ভবন নির্মাণ-প্রক্রিয়া শুরু করেছেন জায়গার মালিক।
দোকানগুলোর কর্মীরা বললেন, চাপের জন্য পাতলা করে বিশেষভাবে কাটা মাংসের টুকরো দীর্ঘ সময় মসলা দিয়ে মাখিয়ে রাখা হয়। প্রতিদিন বিকেলে পরিমাণমতো মসলা মাখানো মাংস ফ্রিজ থেকে বের করা হয়। ওই মসলার মধ্যেই রয়েছে স্বাদের রহস্য। দোকানের কর্মী বা কারিগরেরা কেউ জানেন না, মসলার সেই মিশ্রণে কী উপাদান রয়েছে। তাঁরা কেবল মসলা মাখানো মাংস ভেজে ক্রেতাদের পাতে তুলে দেন। কাবাবের জন্য মাংসের কিমা কিংবা অন্যান্য ভাজাভুজির মসলার গোপন রেসিপিটাও কর্মীরা জানেন না।
দোকানের মালিক ও কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একেকটি দোকানে ২৫ থেকে ৩৫ জন কর্মী প্রতিদিন কাজ করেন। এদের উল্লেখযোগ্য সংখ্যক শিশু।