বিহারের জন্য স্বেচ্ছাশ্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ক্যাংঘাট ইউনিয়নে একটি প্রকল্প বাস্তবায়নের জন্য কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা) থেকে খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছিল। গ্রামবাসী সেই প্রকল্পের একাংশের কাজ নিজেরা করে দিয়ে বরাদ্দ করা খাদ্যশস্য বৌদ্ধবিহারের জন্য দান করার সিদ্ধান্ত নিয়েছেন।
ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রীতিময় চাকমা জানান, ওয়ার্ডের সাতঘড়িয়া মহাবোধি বৌদ্ধবিহার থেকে ক্যাংঘাট তবলছড়ি পর্যন্ত রাস্তা ও বিহারের মাঠ সংস্কার এবং সোলার প্যানেল ক্রয় প্রকল্পের জন্য ১০ দশমিক ২ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। সাতঘড়িয়া গ্রামবাসী প্রকল্পটি বাস্তবায়ন করে দিচ্ছে এবং বরাদ্দ করা খাদ্যশস্য বিক্রি করে সেই টাকা গ্রামের বৌদ্ধবিহার নতুন করে নির্মাণের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যানের সম্মতি নেওয়া হয়েছে।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, গ্রামের ৭০-৮০ জন নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে মাটি কেটে রাস্তা তৈরি করছেন।
সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহেন্দ্র চাকমা বলেন, এলাকায় রাস্তাঘাট খুব দরকার। অন্যদিকে গ্রামের বৌদ্ধবিহারটি নতুন করে নির্মাণ করাও দরকার। তাই গ্রামবাসী সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা প্রকল্পটি বাস্তবায়ন করে দেবে এবং বরাদ্দ করা খাদ্যশস্য বিক্রি করে বৌদ্ধবিহার নির্মাণের জন্য দান করবে।
ক্যাংঘাট ইউপি চেয়ারম্যান কিরণ চাকমা বলেন, ‘প্রকল্পের কাজ বাস্তবায়ন করে দিয়ে বরাদ্দ করা খাদ্যশস্য বৌদ্ধবিহারে দান করার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।’
মহালছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হক বলেন, এলাকার জনগণের কল্যাণের জন্য এ প্রকল্প। গ্রামবাসী প্রকল্প বাস্তবায়ন করে বরাদ্দ করা খাদ্যশস্য যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে, তাতে নিয়মনীতির লঙ্ঘন হবে না।