বিড়ম্বনার কথা বলতেও বিরক্ত তাঁরা

কেউ এসেছেন চিকিৎসার জন্য। কেউ বা মালপত্র পৌঁছাতে। কারও সঙ্গে শিশু। কারও সঙ্গে বয়স্ক আত্মীয়। ঢাকায় ঢুকতেই আটকা পড়েছেন তাঁরা। প্রচণ্ড গরম আর যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে হাঁসফাঁস অবস্থা। চরম এ বিড়ম্বনার কথা বলতেও বিরক্ত। কারও কারও পাল্টা প্রশ্ন: ‘সাংবাদিকদের সঙ্গে কথা বললেই কী বিড়ম্বনা শেষ হয়ে যাবে?’
ভ্যাট প্রত্যাহারের দাবিতে আজ রোববার সকাল থেকেই রাজপথে আন্দোলন করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকার বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ প্রদর্শন, সড়ক অবরোধ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি। এতে প্রায় অচল হয়ে পড়েছে গোটা মহানগর। কারও দুর্ভোগ ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে। আবার কেউ কেউ যানবাহন না পেয়ে।
এমনই কয়েকজনের সঙ্গে দেখা হলো উত্তরা হাউস বিল্ডিং মোড়ে। কথা হয়, বৃদ্ধ আব্দুল হালিমের সঙ্গে। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। অসুস্থ স্ত্রীকে নিয়ে এসেছেন চিকিৎসার জন্য। যাবেন ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে । আবদুল্লাহপুর পর্যন্ত আসার পর গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় তাঁদের। বিকেল পাঁচটায় চিকিৎসক দেখানোর কথা। বেলা গড়িয়ে যাচ্ছে। স্ত্রীকে সঙ্গে নিয়ে হাঁটছেন তিনি। যদি হেঁটেই পৌঁছানো যায়। কিন্তু ঢাকা শহরের রাস্তাঘাটও তো চেনা নেই। আদৌ হাসপাতাল পর্যন্ত যেতে পারবেন কি-না জানেন না।

জয়পুরহাট থেকে দুটি ছাগল নিয়ে এসে চরম বিড়ম্বনায় পড়েছেন আব্দুল মান্নান। বিরস মুখে হাউস বিল্ডিং মোড়ে বসে ছাগলকে কাঁঠালপাতা খাওয়াচ্ছেন। ছাগল দুটিকে যাত্রাবাড়ী পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু রাস্তাতেই আটকা পড়েছেন।
নেত্রকোনার কেন্দুয়া থেকে স্ত্রী ও তিন ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে এসেছেন আজিজুর রহমান। সবচেয়ে ছোটটির বয়স চার বছর। সে হাঁটতে চায় না। সঙ্গে আবার বড় একটি বস্তা। হিমশিম খাচ্ছিলেন আজিজুর। কথা বলতে গেলেই রেগে উঠলেন। বস্তা, ছেলে মেয়ে নিয়ে হনহন করে হাউস বিল্ডিং মোড় থেকে হাঁটা শুরু করলেন। শুধু জানা গেল তাঁর গন্তব্য ফার্মগেট।