বিড়ালের কথা কেউ মনে রাখেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগারের প্রধান ফটক দিয়ে বেরিয়ে আসছে একটি বিড়াল। ছবি: আসাদুজ্জামান
কারাগারের প্রধান ফটক দিয়ে বেরিয়ে আসছে একটি বিড়াল। ছবি: আসাদুজ্জামান

‘কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি।’ —কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতার সঙ্গে মিল রেখে পুরান ঢাকার বাসিন্দা আবদুল হক বললেন, ‘ঢাকার কেন্দ্রীয় কারাগারের বিড়ালগুলোর কথা কেউ মনে রাখেনি।’

১১ দিন আগে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের বন্দীদের কেরানীগঞ্জের নতুন কারাগারে নেওয়া হয়। কারাগার সূত্র বলছে, দু শ বছরের অধিক পুরোনো ওই কারাগারে বছরের পর বছর বিড়াল থাকছে। কারাগার স্থানান্তর হওয়ার আগ পর্যন্তও পঞ্চাশ থেকে ষাটটি বিড়াল ছিল সেখানে। বন্দীদের দেওয়া উচ্ছিষ্ট খাবার খেয়েই ছিল সেগুলো। অনেক বন্দীও বিড়ালগুলোকে নিজের খাবার ভাগ করে দিত।

আবদুল হক বলেন, বিড়ালগুলো দীর্ঘদিন কারাগারে থাকছে। কারাগার বদল হলো। কিন্তু সেগুলোর কথা কেউ মনে রাখল না। খেতে না পেরে বিড়ালগুলো দুর্বল হয়ে পড়েছে, কাঁদছে, চলেও যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বন্দী আদালত এলাকায় প্রথম আলোকে বলেন, দুপুরে তিনি যখন খাবার খেতে বসতেন তখন ধবধবে সাদা রঙের একটি বিড়াল রোজ তাঁর সামনে আসত। তিনি খেতে দিতেন। কেরানীগঞ্জের কারাগারে আসার পর বিড়ালটির কথা তাঁর খুব মনে পড়ে।

কারাগারের বন্দী স্থানান্তরের পর পুরান ঢাকায় কারাগারটিতে দায়িত্ব পালন করছেন কারারক্ষী আতাউর রহমান। গত শুক্রবার তিনি প্রথম আলোকে বলেন, খাবার না পাওয়ার পরেও কয়েক দিন ধরে বিড়ালগুলো কারাগারের ভেতরে ছিল। কিন্তু এক সপ্তাহ পর থেকেই খেয়াল করছি, বিড়ালগুলো ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। যেগুলো আছে, সেগুলো নানা প্রকার পোকামাকড়ের পেছনে ছুটছে।

খাবারের অভাবে বেরিয়ে যাচ্ছে বিড়াল। ছবি: আসাদুজ্জামান
খাবারের অভাবে বেরিয়ে যাচ্ছে বিড়াল। ছবি: আসাদুজ্জামান

গত শুক্রবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে গিয়ে দেখা যায়, প্রধান ফটক দিয়ে তিনটি বিড়াল বেরিয়ে আসছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন কারারক্ষী বলেন, ‘বিড়ালগুলোর জন্য খারাপ লাগে। কারাগারের বন্দীদের স্থানান্তরের পর থেকে বিড়ালগুলোর চেহারা কেমন যেন মলিন হয়ে গেছে। অনেক বিড়ালের চোখে পানি দেখেছি।’
বিড়ালগুলো ফেলে রেখে গেলেও তাদের কথা ভুলতে পারেননি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবীর। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিড়ালগুলোর জন্য খারাপ লাগে। কারাগারের ভেতরে ৫০ থেকে ৬০টি বিড়াল থাকতে পারে। উচ্ছিষ্ট খাবার খেয়ে বিড়ালগুলো বাঁচত। অনেক বন্দীও বিড়াল পুষত। তারাও খাবার খেতে দিত।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘খবর পেলাম, অনেক বিড়াল কারাগারের ভেতর থেকে বের হয়ে যাচ্ছে। সেগুলো আশপাশের বাড়িঘরে আশ্রয় নিচ্ছে। পুনর্বাসন করার আগে বিড়ালগুলো নিজেরাই পুনর্বাসিত হচ্ছে।’

কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) গোলাম হায়দার প্রথম আলোকে বলেন, বিড়ালগুলো কারাগার থেকে বের হয়ে যাচ্ছে কিনা তা তাঁর জানা নেই। তবে বিড়ালগুলোর জন্য তাঁর মনও কাঁদে।