বিড়ালেরও আবাস পঙ্গু হাসপাতাল
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) অবস্থা দেখে মনে হয় এটি এখন বিড়ালেরও আবাস। ওয়ার্ডগুলোতে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে বিড়ালের দল। সঙ্গে তেলাপোকার উপদ্রবও রয়েছে। মেঝেতে ছত্রখান হয়ে আছে নানা ধরনের ময়লা আবর্জনা।
গত রোববার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, প্রতিটি তলাতেই একাধিক বিড়াল ঘুরছে। নিচতলায় মা ও বাচ্চা বিড়ালের দেখা মিলল। সালমা ইয়াসমিন তাঁর স্বামীকে নিয়ে চার দিন ধরে ভর্তি আছেন। তিনি বলেন, ‘বিড়ালের জন্য কিচ্ছু রাখা যায় না। খালি ঘুরঘুর করে। আর তেলাপোকাও জ্বালায়।’
বিড়ালগুলো বেশ হৃষ্টপুষ্ট। এখানেই তারা থাকে। স্বাচ্ছন্দ্যে হাসপাতালজুড়ে ঘুরে বেড়াচ্ছে। মেঝেতে বসে খাচ্ছিলেন আবদুস সোবহান। তাঁর পাশ দিয়ে একটি বিড়ালের বাচ্চা ঘুরছে। তিনি বলেন, এগুলোকে পাশে নিয়েই তাঁরা চিকিৎসা নিচ্ছেন। বিড়ালগুলো কারও পালিত কি না, জানতে চাইলে কয়েকজন বলেন, এগুলো পালিত নয়। নিজেদের মতো থাকে। বিড়ালের উপদ্রবের অভিযোগ করেও লাভ হয়নি।
বিছানার পাশের দেয়ালগুলোতে তেলাপোকা বেয়ে বেড়াচ্ছে। ফরিদা ইয়াসমিনের ছেলের চার মাস ধরে পা ভাঙা। মাঝে বাড়ি গিয়েছিলেন। এখন আবার ভর্তি আছেন সাত দিন ধরে। তিনি বলেন, ‘এমন তো সব সময়ই থাকে। বিছানাও নিজেরা পরিষ্কার করি।’
জরুরি বিভাগের নিচতলার মেঝেতে কাগজ, তুলা, ব্যান্ডেজ, ওষুধের প্যাকেট ছড়ানো অবস্থায় পড়ে আছে। আর শৌচাগারের সামনে দিয়ে সবাইকেই নাকে কাপড় দিয়ে চলতে হচ্ছে।
মো. আরমান তিন দিন ধরে ভাইকে নিয়ে ভর্তি আছেন। তিনি বলেন, ‘বাথরুমের সামনে গিয়া একটু দাঁড়ান, টিকতে পারবেন না।’ রোগী ও তাঁর স্বজনেরা বলেন, সকালে চিকিৎসক আসার আগে পরিষ্কার করে এবং বিকেলে শুধু ঝাড়ু দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে তৃতীয় তলার এক রোগী বলেন, ‘ময়লা আবর্জনার কথা বলা হলেও ওয়ার্ডের দায়িত্বে যাঁরা থাকেন তারা বললেও শোনেন না।’
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের উপপরিচালক এ কে এম জহির উদ্দিনের কাছে বিড়ালের উপদ্রব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ওয়ার্ড মাস্টারকে বলে দিচ্ছি এখনই ব্যবস্থা নিতে।’ তবে ময়লা আবর্জনার বিষয়ে তিনি বললেন, নির্মাণকাজ চলায় ধুলা-ময়লা থাকতে পারে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক বেনজীর আহমেদ বলেন, বিড়ালে সংক্রমণ ঝুঁকি রয়েছে। হাসপাতালের বিড়াল ডাস্টবিনে ঘোরে। সেখান থেকে জীবাণু নিয়ে বিছানায় উঠে বা খাবারে মুখ দিয়ে জীবাণু ছড়াতে পারে। এ ছাড়া বিড়ালের আঁচড় থেকেও ভাইরাল রোগ হতে পারে। হাসপাতালকে কর্তৃপক্ষের বিড়ালমুক্ত করা উচিত। অনেকেই বিড়াল পুষতে চায়। কর্তৃপক্ষ ঘোষণা বা বিজ্ঞাপন দিয়ে এই বিড়ালগুলো তাদের দিয়ে দিতে পারে।