বিড়ির আগুনে দগ্ধ রিকশাচালকের মৃত্যু
বিড়ি না নিভিয়ে বিছানার পাশে ফেলে দিয়ে শুয়ে পড়েন মানিক নাথ (৪৫)। জ্বলন্ত বিড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে বিছানা ও মশারিতে। পাশের কক্ষ থেকে স্ত্রী-সন্তান ছুটে এসে আগুন নেভানোর আগেই গুরুতর দগ্ধ হন তিনি। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গত শনিবার দিবাগত রাত দুইটায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক নাথ পেশায় রিকশাচালক ছিলেন। হাটহাজারীর মেখল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিনি।
নিহত মানিকের ছোট ভাই রতন নাথ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাড়ির একটি কক্ষে তাঁর ভাই থাকতেন। অন্য কক্ষে ভাইয়ের স্ত্রী ও ছেলেমেয়েরা থাকতেন। আগুন দেখে ও মানিকের চিৎকার শুনে তাঁরা ছুটে এসে আগুন নেভান। কিন্তু ততক্ষণে তাঁর ভাই গুরুতর দগ্ধ হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া প্রথম আলোকে বলেন, বিড়ির আগুনে গুরুতর দগ্ধ মানিককে শনিবার গভীর রাতে তাঁর স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক পরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।