বিড়িশিল্পকে করমুক্ত রাখতে শ্রমিকদের সমাবেশ, স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিড়িশিল্প রক্ষার দাবিতে বিড়িশ্রমিকেরা গত রোববার রাজধানীতে সমাবেশ করেছেন। মুক্তাঙ্গনে সমাবেশ শেষে শ্রমিকেরা মিছিল নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জাতীয় প্রেসক্লাবের সামনে তাঁদের থামিয়ে দেয়। পরে অর্থমন্ত্রী বরাবর লেখা স্মারকলিপি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে পৌঁছে দেওয়া হয়। স্মারকলিপিতে ২৫ লাখ শ্রমিকের কর্মসংস্থান রক্ষার জন্য বিড়িশিল্পকে করমুক্ত রাখার দাবি জানানো হয়। পাশাপাশি বৈদেশিক মুদ্রার অপচয় রোধে সিগারেটের কাঁচামালসহ অন্যান্য সামগ্রী আমদানি নিষিদ্ধ এবং ১০ শলাকাবিশিষ্ট প্রতি প্যাকেট সিগারেটের মূল্য ন্যূনতম ২০ টাকা নির্ধারণের দাবি জানানো হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব উল আলম হানিফ বলেন, বিড়িশিল্প রক্ষায় আগামী বাজেটে বিড়ির ওপর কর কমিয়ে কর্মসংস্থান রক্ষা এবং এই শিল্পে আরও লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। কর্মসংস্থানের পথে বাধা হয় এমন কোনো পদক্ষেপ সরকার নেবে না। শ্রমিকনেতারা বলেন, বিড়ির ওপর অত্যধিক কর আরোপের ফলে আট বছরে দেড় শতাধিক বিড়ি কারখানা বন্ধ হয়ে গেছে। বিদ্যমান করবৈষম্য দূর করা না হলে বিড়িশিল্পের অস্তিত্ব বিপন্ন হবে। বিড়িশ্রমিক ফেডারেশনের সভাপতি কমলেশচন্দ্র দাশের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক বাবু রায় রমেশ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, বাংলাদেশ বিড়িশ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এম কে বাঙ্গালী প্রমুখ। বিজ্ঞপ্তি।