বিয়নের কাছে ছোট হলো বাংলাদেশ!
বিয়ন ফ্রন। জার্মানির হামবুর্গ শহর থেকে বাংলাদেশে এসেছেন সপ্তাহ তিনেক আগে। পেশায় সাইকেল মেকানিক হলেও নেশা তাঁর সাইকেলে বিশ্ব ভ্রমণ করা। এ পর্যন্ত মোট ১৬টি দেশ সাইকেলে ভ্রমণ করেছেন তিনি। সেই সুবাদেই নয় মাস আগে বাংলাদেশের উদ্দেশে তাঁর জার্মানি ত্যাগ। কিন্তু বেনাপোল বন্দর হয়ে বাংলাদেশে এসেই বিয়নের শখে ঘটল ছন্দপতন। খুলনা থেকে ঢাকা আসার পথে বিয়নের ব্যাংকের এটিএম কার্ড এবং প্রায় ২০ হাজার বাংলাদেশি টাকা চুরি করে নিয়ে যায় বন্ধুবেশী কয়েকজন বাংলাদেশি। এখন কী করে দেশে ফিরে যাবেন, সেই চিন্তায় যেন সময় কাটে না বিয়নের।‘আমি যখন বেনাপোল হয়ে বাংলাদেশে আসি, তখন বেশ কয়েকজন বাংলাদেশি আমাকে সাহায্য করেছেন। তাঁরা আমার সঙ্গে ঘুরেছেন। আমার হোটেলে গিয়েছেন। মাঝেমধ্যে আমার ব্যাগও তাঁদের সঙ্গে ছিল। কিন্তু তাঁরা যখন আমাকে ঢাকায় আসার উদ্দেশে বিদায় দিলেন, এর কিছুক্ষণ পর দেখি, আমার সঙ্গে থাকা ২০ হাজার বাংলাদেশি টাকা ও ব্যাংকের এটিএম কার্ডটি নেই। তখন বেশ চিন্তায় পড়ে গেলাম আমি। কারণ, এখন আর আমার কিছুই করার নেই। বন্ধুবেশে মানুষ এমন করতে পারে, এটা আমার ভাবনায় ছিল না।’—কথাগুলো বলছিলেন ৩০ বছর বয়সী বিয়ন।বিয়ন বলেন, ‘অনেকে বাংলাদেশি পুলিশ সম্পর্কে ধারণাও দিয়েছিলেন আগে। পুলিশি ঘটনা সব সময় ঝামেলার হয়। তাই আর বেশি ঝামেলা বাড়াতে চাইনি।’বাংলাদেশ ভ্রমণের শুরুতেই এ ধরনের তিক্ত অভিজ্ঞতা হলেও বাংলাদেশ সম্পর্কে মোটেও বাজে ধারণা নেই বিয়নের। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আসলেই খুব বন্ধুত্বপরায়ণ। বেশ উদারও। তবে সব খানেই ভালো মানুষের মধ্যে কিছু খারাপ মানুষও থাকে, তারা থাকে সব সময়।’