অর্থ আত্মসাতের ঘটনায় সিলেটের বিয়ানীবাজার পৌরসভার প্রশাসক তফজ্জুল হোসেনকে বরখাস্ত করা হয়েছে। এ-সংক্রান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ গতকাল মঙ্গলবার বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পৌঁছায়। সিলেটের জেলা প্রশাসক খান মোহামঞ্চদ বিলাল বলেন, ‘পৌর প্রশাসকের অপসারণের একটি আদেশ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সোমবার পেয়েছি। বিয়ানীবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিল্লাহ আজ (মঙ্গলবার) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে পৌর প্রশাসকের দায়িত্ব বুঝে নেবেন।’গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহামঞ্চদ সালাউদ্দিনকে ইউএনওর কার্যালয়ে অপেক্ষা করতে দেখা যায়। তিনি জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে এসি ল্যান্ড অফিসের দায়িত্বের সঙ্গে পৌরসভা প্রশাসকের দায়িত্ব পালনের জন্য তাঁকে পাঠানো হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রটোকলের দায়িত্বে থাকায় বিকেল পর্যন্ত ইউএনও শহীদুল ইসলাম কার্যালয়ে ফেরেননি। জানতে চাইলে তফজ্জুল প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপরে হাইকোর্টে মামলা আছে। এ অবস্থায় আমাকে বরখাস্ত করল কীভাবে?’ স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিয়ানীবাজার পৌরসভার প্রতিষ্ঠালগ্ন থেকে রাজস্ব ও উন্নয়ন তহবিলের আর্থিক লেনদেন ও অন্যান্য বিষয়ে পরিদর্শন করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দেওয়ার জন্য গত বছরের ১৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের পরিচালক-২ (উপসচিব) মো. ফজলুর রহমান ভূঞা ও সিনিয়র সহকারী সচিব (পৌর-১) মোহামঞ্চদ হারুনুর রশিদ বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়। গত ৭ ডিসেম্বর তাঁদের জমা দেওয়া প্র্রতিবেদন অনুযায়ী পরিদর্শনকালে ২০১০-১১ অর্থবছরের বাজেট তৈরির জন্য খরচসহ বিভিন্ন ব্যয়ের রসিদ পরীক্ষা করে দেখা যায়, কোনো রসিদে দিন, তারিখ ও রাজস্ব স্ট্যাম্প নেই, যা বিদ্যমান আর্থিক লেনদেনের পরিপন্থী। তা ছাড়া বিল রসিদগুলো পৌর পরিষদের কোনো সভায় উপস্থাপন করে অনুমোদন করা হয়নি।