বিয়ানীবাজার সরকারি কলেজে নিষিদ্ধ করা হলো ছাত্ররাজনীতি
সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রেণিকক্ষে প্রবেশ করে ছাত্রলীগের দুই পক্ষে গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
গত শনিবার অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়ার পর গতকাল রোববার কলেজ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়টি নোটিশের মাধ্যমে জানানো হয়।
কলেজ সূত্র জানায়, বিয়ানীবাজার সরকারি কলেজে গত এক বছরে ২৫টি সংঘর্ষের ঘটনা ঘটে। এর অধিকাংশ সংঘটিত হয় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে। সর্বশেষ ১৪ নভেম্বর ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে একপর্যায়ে কলেজের শ্রেণিকক্ষে প্রবেশ করে এক পক্ষ আরেক পক্ষের ওপর গুলিবর্ষণ করে। এতে এক সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রলীগের দুই পক্ষে ১০ জন আহত হন। সংঘর্ষের কারণে ওই দিন কলেজে ডিগ্রি (পাস) কোর্সের একটি পরীক্ষা বাতিল করা হয়।
এ ঘটনার জের ধরে পরবর্তী সময়ে আরও সংঘর্ষের আশঙ্কা থাকায় কলেজ কর্তৃপক্ষ উদ্বিগ্ন ছিল। শনিবার উপজেলা প্রশাসনের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কলেজে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়।
বৈঠকের সূত্র ধরে গতকাল কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার বিষয়টি নোটিশের মাধ্যমে জানানো হয় বলে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ। অধ্যক্ষ বলেন, ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার পাশাপাশি কলেজ ক্যাম্পাসে বখাটেপনা রোধ ও বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।