বিয়ানীবাজারে ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রবাসীরাই দেশের উন্নয়নের প্রধান নিয়ামক শক্তি। তাঁদের পাঠানো অর্থ পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ দেশের অবকাঠামোগত সার্বিক উন্নয়ন সম্ভব। সিলেটের বিয়ানীবাজারে গতকাল শুক্রবার যুক্তরাজ্যপ্রবাসীদের অর্থায়নে বিয়ানীবাজার ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিয়ানীবাজার সরকারি কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, ক্যানসারের মতো একটি দুরারোগ্য ব্যাধি থেকে মানুষকে পরিত্রাণ করার উদ্দেশ্যে বিয়ানীবাজারের প্রবাসীরা যে মহত্ উদ্যোগ নিয়েছেন, তা দুঃসাহসিক। রাষ্ট্রীয় পর্যায়ে যেখানে এখনো ক্যানসার রোগের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, সেখানে একটি উপজেলা শহরে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠা বিশাল ব্যাপার। বিয়ানীবাজার ক্যানসার হাসপাতাল বাস্তবায়ন কমিটির সভাপতি সামছ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ নবাব আলী আব্বাস, মাহমুদুস সামাদ চৌধুরী ও শাহাব উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম, আবদুল হাসিব, আতাউর রহমান খান, রউফুল ইসলাম প্রমুখ।