বিয়ানীবাজারে চলছে খাল দখলের প্রতিযোগিতা
খনন না করায় ভরাট ও দখল হয়ে যাচ্ছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার কয়েকটি খাল। বেশ কয়েক বছর ধরে এসব খাল দখলের প্রতিযোগিতা চলছে।উপজেলা কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র সোম জানান, দীর্ঘদিন ধরে খালগুলো খনন না হওয়ায় সেচের অভাবে উপজেলার প্রায় পাঁচ হাজার হেক্টর জমি অনাবাদি থাকে।লুলা, খিদির, কানিগাংগ, নাজাই, জমাদার, মাথিউরা, নওয়ালী, কালিজুরি খালসহ ছোট-বড় অনেক খাল ছিল বিয়ানীবাজারে। খরা মৌসুমে এসব খালের পানি দিয়ে সেচ চলত আশপাশের এলাকার জমিতে। খালগুলো খননের উদ্যোগ না নেওয়ায় অধিকাংশই ভরাট হয়ে গেছে।সরেজমিনে দেখা গেছে, খাল ভরাট করে অনেকে ঘর তৈরি করেছেন, কেউ বা গাছপালা রোপণ করেছেন আবার অনেকে খালের জায়গা দখল করে বেড়া দিয়ে রেখেছেন।এলাকাবাসী জানান, বৈরাগীবাজারে লুলা খলের উৎসমুখ ভরাট হয়ে যাওয়ায় সেখানে বাড়ি করেছেন জামাল উদ্দিন, বাদশা খালেদ, আবদুল মতিন, দুদু মিয়া, কামাল উদ্দীন, বাবর আলী, রমিজদ্দিন, জয়নাল উদ্দিন, মোহম্মদ আলী, সেলিম উদ্দিনসহ অনেকে। খাসির বন্দ গ্রামের মারুফ আহমদ বলেন ‘খাল ভরাট হয়ে যাওয়ায় তাঁরা ভোগ করছেন। তবে খালের খননকাজ হলে তাঁরা দখল ছেড়ে দেবেন। অন্য দখলদারেরাও একই কথা জানান। বৈরাগীবাজার থেকে পৌর শহরের আলীপুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় আরিজ খাঁ টিলা, শ্রীধরা, কসবা, ফতেহপুর, দাসগ্রাম, লাসাইতলা, সুপাতলা, মুল্লাপুর ও আলীপুর গ্রামের বিভিন্ন স্থানে লুলা খালের দুই পার একরকম প্রতিযোগিতা করে দখল করছেন স্থানীয় ব্যক্তিরা। গত বছর খালটির খননকাজ শুরু হলেও বন্যার কারণে তা থেমে যায়।চুনাইরমার খাল মৃতপ্রায়: লুলাখাল থেকে কসবা বাজার হয়ে ঈমামবাড়ীর সামনে দিয়ে সড়কভাংনিতে গিয়ে মিলেছে চুনাইরমার খাল। খালটি এখন নালায় রূপ নিয়েছে। শ্রীধরা বাজারের পাশ দিয়ে লুলাখালের আরেকটি শাখা খাল নবাং হয়ে মাথিউরি খালে মিলেছে। এই শাখা খালটি এখন নালায় পরিণত হয়েছে।মুল্লাপুর, মাথিউরা ও তিলপারা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত জমাদার খাল ভরাট হয়েছিল বহু বছর আগে। ১৯৮২ সালে খালের উৎসমুখের ৬ দশমিক ৪২ হেক্টর জমি সরকারের কাছ থেকে ভূমিহীন সমিতির নামে বন্দোবস্ত নেন মুল্লাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর। তাঁর বিরুদ্ধে মাথিউরা ও তিলপারা ইউনিয়নের জনগণের পক্ষ থেকে মামলা করা হয়। কয়েক বছর পর মামলা তুলে নেওয়া হলেও খালটি আর উদ্ধার হয়নি।মুলা খাল এখন নালা: মাথিউরা ইউনিয়নের বুক চিরে তিলপারার দিকে প্রবাহিত মুলা খালটিও নালায় পরিণত হয়েছে। ভাটার বাজার থেকে দাসউরা পর্যন্ত খালের অনেক স্থানে দখল হয়ে গেছে। মাথিউরা বাজারে মসজিদের পস্রাবখানা এবং নালবহরে দোকানপাট করে দখল করা হয়েছে খালটি। নাম প্রকাশ না করার শর্তে এলাকার অনেকে অভিযোগ করেন, মাথিউরা মিনারাই গ্রামের বাবুল আহমদ, নালবহরের সেলিম উদ্দিন, সদরপুরের রুনু মিয়া, মুস্তফা উদ্দিন, ফাতইমিয়াসহ অনেকে খালের জায়গায় দেয়াল তুলেছেন। তবে অভিযুক্ত ব্যক্তিরা দাবি করেন, তাঁরা নিজেদের জায়গায় দেয়াল তুলেছেন। দাসউরা সিনিয়র মাদ্রাসা কর্তৃপক্ষ মার্কেট করে খাল দখল করেছে বলেও অভিযোগ আছে। তবে মদ্রাসা কর্তৃপক্ষ বলছে, তারা নিজেদের জায়গায় স্থাপনা নির্মাণ করেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত কুমার দে বলেন, লুলা খালের খননকাজ আবার শুরু হবে। আর ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে জরিপ করে অন্যান্য খালের দখল করা অংশ উদ্ধারে উপজেলা ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। শিগগিরই জরিপ শুরু হবে।