বিয়ানীবাজারে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় গতকাল শনিবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের চার কর্মী, এক ব্যবসায়ী ও এক পথচারী আহত হয়েছেন। ছাত্রলীগের সশস্ত্র কর্মীদের ছবি তুলতে গেলে তাঁরা এক সাংবাদিককে মারধর করে তাঁর ক্যামেরা ছিনিয়ে নেন। ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওরফে পল্লব-সমর্থিত ছাত্রলীগের কর্মীরা গতকাল বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে আহ্বায়ক জামাল হোসেন-সমর্থিত কর্মী তানভীরকে মারধর করেন। এর জের ধরে জামালের পক্ষের ছাত্রলীগের কর্মীরা বেলা তিনটার দিকে পৌরশহরের দক্ষিণ বাজারে অপর পক্ষের ছাত্রলীগের কর্মী মোহাম্মদ রাজুসহ দুজনকে মারধর করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌরশহরের উত্তর বাজারে ছাত্রলীগের সশস্ত্র কর্মীদের ছবি তোলার সময় ছাত্রলীগের কর্মীরা দৈনিক ইত্তেফাকের বিয়ানীবাজার প্রতিনিধি আব্দুল খালিককে মারধর করে তাঁর ক্যামেরা ছিনিয়ে নেন। এর এক ঘণ্টা পর জামালের পক্ষের কর্মীরা পৌরশহরের জনতা মার্কেটের সামনে অপর পক্ষের ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা চালান। এ সময় কয়েকটি গুলিবর্ষণের ঘটনাও ঘটে। গুলিতে যুবলীগের কর্মী মইজুল ইসলাম ও এক পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ছাত্রলীগের কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে মসজিদ মার্কেটের ব্যবসায়ী ফয়জুল হককে (২৬) আহত করেন। গুরুতর অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিলে ছাত্রলীগের কর্মীরা চলে যান। গুলিবিদ্ধ দুজন কোনো হাসপাতালে চিকিৎসা নিয়েছেন কি না, তা জানা যায়নি।সাংবাদিক আব্দুল খালিক বলেন, ‘ছাত্রলীগের কর্মীরা আমাকে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নিয়েছে।’ছাত্রলীগের নেতা আবুল কাশেম অভিযোগ করেন, ‘উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার উপস্থিতিতে এবং পুলিশের সহযোগিতায় আমার কর্মীদের গুলি করে আহত করা হয়েছে। পুলিশ অস্ত্রবাজদের গ্রেপ্তার না করে আমার কর্মীদের আটক করেছে।’ তিনি আরও অভিযোগ করেন, অস্ত্রের ছবি তুলতে গেলে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জামাল হোসেনের উপস্থিতিতে তাঁর কর্মীরা এক সাংবাদিককে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেন। অভিযোগ অস্বীকার করে আহ্বায়ক জামাল হোসেন বলেন, ‘সাংবাদিকদের মারধর করেছে আবুল কাশেমের ছেলেরা। তারা অস্ত্র নিয়ে পৌরশহরে তাণ্ডব চালিয়ে ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ন করেছে। এতে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার কর্মীরাও এসব কাজে জড়িত নয়। বরং দুপুরে সরকারি কলেজে আবুল কাশেমের কর্মীরা আমার এক কর্মীকে মেরে আহত করেছে।’বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন বলেন, সংঘর্ষের ঘটনার পর পৌরশহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রলীগের অজিত আচার্য্য, আলম, সম্রাট, রাজু, জুনায়েদ ও নোমানকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, ‘সংঘর্ষের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে দাঙ্গা পুলিশ মোতায়েন করেছি। কোথাও গুলিবর্ষণ হয়েছে বলে শুনিনি।’