বিয়ানীবাজারে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজার পৌর শহরে গতকাল মঙ্গলবার জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে। এ সময় ঘটনাস্থল থেকে জামায়াতের দুজন এবং পরে আরও সাতজন কর্মীকে আটক করা হয়।মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সরকারের হেফাজতে রেখে নির্যাতন করা হচ্ছে—এমন দাবিতে উপজেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল বের করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে বের করা জামায়াতের মিছিলে দলটির ছাত্রসংগঠন ছাত্রশিবিরের নেতা-কর্মীরাও যোগ দেন। মিছিলটি পৌর শহরের আজির মার্কেট এলাকায় পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল করতে চাইলে পুলিশ তাঁদের ধাওয়া দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ লাঠিপেটার পাশাপাশি আটটি ফাঁকা গুলি ও ১৩টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইটপাটকেলের আঘাতে পুলিশের সাতজন সদস্য এবং জামায়াত-শিবিরের প্রায় ২৩ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন: বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, উপপরিদর্শক (এসআই) শাব্বীর আহমদ ও ইকবাল হোসেন, এএসআই আবদুল আহাদ, কনস্টেবল বিশে সিন্ধু, জাহাঙ্গীর আলম ও আখতারুজ্জামান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের চিকি ৎ সা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আটক পৌর জামায়াতের সাধারণ সম্পাদক জমির উদ্দিন (৪০) ও জামায়াতে ইসলামীর কর্মী আইনুদ্দীনকে (৫৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকি ৎ সা দেওয়া হয়েছে। জমির উদ্দিনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে পুলিশের জিম্মায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানতে চাইলে উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম বলেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে তাঁদের অর্ধ শত নেতা-কর্মী আহত হয়েছেন। বিয়ানীবাজার থানার ওসি এ কে এম ফজলুল হক বলেন, জামায়াত-শিবিরের মিছিলে বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ও সহকারী পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) শাদিদ আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।