বিয়ানীবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ানীবাজারে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। সিলেট-বিয়ানীবাজার স্থানীয় মহাসড়কের চারখাই বাজারের কাছে রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের চারখাই ও রামধা বাজারের মধ্যবর্তী ব্রিজের কাছে সিলেট থেকে আসা দ্রুতগতির ট্রাকের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী এমরান আহমদ (২২) নিহত হন এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চুনু মিয়া নামের অপর একজন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আহত চারজনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিয়ানীবাজার থানার টহল পুলিশ ঘাতক ট্রাকের চালক কবির হোসেন (৩২) ও সহকারী শাকিল প্রধানকে (২৮) আটক করে।