বিয়ানীবাজারে দুই পক্ষের সংঘর্ষে কলেজছাত্র নিহত
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নুরুল আলম (২২) নামের একজন কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত রোববার রাতে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুল আলম দেউলগ্রামের আবদুল মতিনের ছেলে।এলাকাবাসী জানান, গত রোববার বিকেলে গ্রামের মাঠে নূর উদ্দিনের ষাঁড় এবং একই গ্রামের আহমদ হোসেনের ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। লড়াইয়ের সময় আহমদ হোসেনের ষাঁড় দড়ি দিয়ে বাঁধা থাকায় বেশি আহত হয়। আহমদ হোসেনের অভিযোগ, নূর উদ্দিন ইচ্ছা করে তাঁর ষাঁড় বাঁধা অবস্থায় লড়াই করিয়ে আহত করেছেন। এ কারণে ওই দিন বিকেলেই আহমদ হোসেন এলাকার মুরব্বিদের সঙ্গে নিয়ে নূর উদ্দিনের এলাকায় গিয়ে বিচার চান। এ সময় উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রাতে এ নিয়ে আবারও তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষই দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে থাকা বিয়ানীবাজার সরকারি কলেজের বিএ (পাস) প্রথম বর্ষের ছাত্র ও আহমদ হোসেন পক্ষের সদস্য নুরুল আলম প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে নিহত হন।