বিয়ানীবাজারে নিউমোনিয়ার প্রাদুর্ভাব
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সিলেটের বিভিন্ন হাসপাতাল ও বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত মাসে নিউমোনিয়ায় আক্রান্ত ১২৪ শিশুকে চিকিৎসা দেওয়া হয়। চলতি মাসে গতকাল বুধবার (৩ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত এই রোগে আক্রান্ত ১২১ শিশুকে ভর্তি করা হয়। তিন দিনে এত বেশি শিশু ভর্তির এটাই সর্বোচ্চ রেকর্ড। কিন্তু পর্যাপ্ত শয্যা ও সেবিকা না থাকায় প্রয়োজনীয় সেবা পাচ্ছে না শিশুরা। স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। সেবিকার সংখ্যা মাত্র ছয়জন। এর মধ্যে একজন প্রশিক্ষণে রয়েছেন। গতকাল দুপুর পর্যন্ত ৫০ শিশুসহ ৮০ জন রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিল। সরেজমিনে দেখা যায়, একটি শয্যায় নিউমোনিয়ায় আক্রান্ত অন্তত দুই শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া মেঝেতে বিছানা পেতে চিকিৎসা দেওয়া হচ্ছে আরও অনেক শিশুকে। এসব শিশুর সেবার দায়িত্বে আছেন মাত্র একজন সেবিকা।স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, আবহাওয়া পরিবর্তনজনিত কারণে এ সময় শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। প্রতিদিন ৪০ থেকে ৫০ শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হচ্ছে।