বিয়ানীবাজারে ফল ছিনতাইয়ের আশঙ্কা
সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের ফল ‘ছিনতাই’ হওয়ার আশঙ্কা করছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’, বিএনপি ও জামায়াতের প্রার্থী। নির্বাচনী প্রচারণার শেষ দিন গত শনিবার পৃথক সংবাদ সম্মেলন করে তিন প্রার্থী এ শঙ্কা প্রকাশ করেন। এর মধ্যে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী নিজে ‘গুম’ হতে পারেন বলেও আশঙ্কা করেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, পঞ্চম ধাপে আজ সোমবার সিলেটের বিয়ানীবাজার উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ হচ্ছে।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত আতাউর রহমান খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির আবদুল মান্নান, জামায়াতের ফয়জুর রহমান, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ও বিয়ানীবাজার উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, যুক্তরাষ্ট্রপ্রবাসী খসরুল হক এবং জাতীয় পার্টির আতাউর রহমান। ভাইস চেয়ারম্যান পদে নয়জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন লড়ছেন।
নির্বাচন পর্যবেক্ষকদের মতে, চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী হলেও ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আভাস মিলেছে। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে বিএনপি না জামায়াতের লড়াই হবে—এ নিয়ে চলছে হিসাবনিকাশ। এ অবস্থায় নির্বাচনী প্রচারণার শেষ দিন শনিবার বিকেলে পৃথকভাবে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী সংবাদ সম্মেলন করে ভোটের ফল ‘ছিনতাই’ হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।
ভোটে কারচুপি হওয়ার আশঙ্কার সঙ্গে নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবুল কাশেম। তিনি বলেন, ‘প্রার্থী হওয়ায় আমাকে গুম করা হতে পারে।’
বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন করে ফলাফল ছিনতাইয়ের আশঙ্কার কথা জানিয়েছেন উপজেলা বিএনপির সদস্যসচিব নজমুল হোসেন। তাঁর বক্তব্য—‘কারচুপি হলে ভোটের পরদিন উপজেলায় হরতাল পালন করা হবে।’ জামায়াত-সমর্থিত প্রার্থী ফয়জুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীকে জেতাতে প্রশাসন কাজ করছে।’ তবে তিন প্রার্থীর আশঙ্কা সত্য হবে না জানিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। উপজেলার মোট ৭৪টি কেন্দ্রের মধ্যে ৩৭টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে নিরাপত্তা বাড়ানো হয়েছে।