বিয়ানীবাজারে ভাইয়ের দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় আপন ছোট ভাইয়ের দায়ের কোপে আহত হওয়ার তিন দিন পর আতাউর রহমান (৫৬) নামের এক ব্যক্তি গতকাল বুধবার মারা গেছেন। পুলিশ ছোট ভাই এখলাছুর রহমানকে (৪৫) আটক করেছে।পুলিশ বলেছে, মুড়িয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা আতাউর ও তাঁর ছোট ভাই এখলাছুরের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। গত রোববার সন্ধ্যায় স্থানীয় শারপার বাজারে তাঁদের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে এখলাছুর ধারালো দা দিয়ে আতাউরের মাথায় কোপ বসিয়ে দেন। আহত আতাউরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সেখান থেকে তাঁকে সিলেটের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তাঁর মৃত্যু হয়।বিয়ানীবাজার থানার ওসি এ কে এম ফজলুল হক প্রথম আলোকে বলেন, এখলাছুরকে আটক করে জেলহাজতে পাঠানো হলেও গতকাল বিকেল পর্যন্ত এ নিয়ে কেউ থানায় অভিযোগ করেনি। পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।