বিয়ানীবাজারে রাস্তা নদীর পেটে, হুমকিতে গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিয়ানীবাজার উপজেলার আঙুরা মোহাম্মদপুর গ্রামের রাস্তাটি নদীভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। সম্প্রতি তোলা ছবি: প্রথম আলো
সিলেটের বিয়ানীবাজার উপজেলার আঙুরা মোহাম্মদপুর গ্রামের রাস্তাটি নদীভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। সম্প্রতি তোলা ছবি: প্রথম আলো

সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারা নদীর ভাঙনে আঙুরা মোহাম্মদপুর গ্রামের ১০ হাজার লোকের চলাচলের একমাত্র রাস্তার অর্ধেক অংশ বিলীন হয়ে গেছে। এখনই ভাঙন ঠেকানোর উদ্যোগ না নিলে রাস্তার বাকি অংশ বিলীন হয়ে যাবে। আর রাস্তা ভেঙে গেলে ওই গ্রামের মানুষের বসতভিটা, স্কুল, মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নদীর পেটে চলে যাবে বলে আশঙ্কা করছে গ্রামবাসী।
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, কুশিয়ারা নদীর পাশ দিয়েই চলে গেছে আঙুরা মোহাম্মদপুর-ফাড়িরবাজার রাস্তা। শুধু এই
রাস্তা দিয়েই আঙুরা মোহাম্মদপুর গ্রামের মানুষ উপজেলা শহরে যাতায়াত করতে পারেন। এক কিলোমিটার দীর্ঘ এ রাস্তার কিছু অংশ পাকা, কিছু অংশ ইট বিছানো আবার কিছু অংশ কাঁচা। ভাঙনে ইতিমধ্যে এর অন্তত অর্ধেক অংশ বিলীন হয়ে গেছে। কয়েক বছর আগেও রাস্তাটির প্রস্থ ১৪ ফুট ছিল। ভাঙনের কবলে পড়ে প্রশস্ততা কমে দুই থেকে আড়াই ফুটে দাঁড়িয়েছে।
ফাড়িরবাজারের ব্যবসায়ী খালিদ আহমদ বলেন, গ্রামের একমাত্র রাস্তাটি প্রায় সম্পূর্ণ ভাঙনের কবলে পড়ায় মোটরসাইকেল ছাড়া অন্যান্য যান চলাচল বন্ধ হয়ে গেছে। অথচ কিছুদিন আগেও এ রাস্তা দিয়ে সিএনজি অটোরিকশা, মাইক্রোবাসসহ বিভিন্ন যান চলাচল করত। এখন রাস্তা ভেঙে যাওয়া গ্রামবাসী অন্তত এক কিলোমিটার হেঁটে যানবাহনে ওঠেন।
গ্রামের ছয়জন বাসিন্দা বলেন, এক দশক ধরে বর্ষা মৌসুমে কুশিয়ারা নদীতে ভাঙন চলছে। এবার বর্ষা মৌসুম শুরু হতে
না হতেই ব্যাপক ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে গ্রাম-সংলগ্ন রাস্তার বিভিন্ন স্থানের মাটি ধসে পড়েছে।
গ্রামের বাসিন্দা সুলতান আহমদ বলেন, ভাঙন অব্যাহত থাকায় তাঁদের বসতভিটা ছাড়াও গ্রামের জামেয়া মাদানিয়া আঙুরা মোহাম্মদপুর মাদ্রাসা, মসজিদ ও একটি কালভার্ট হুমকির মুখে রয়েছে।
গ্রামের দুজন গৃহিণী বলেন, গ্রামের একমাত্র রাস্তাটি দিয়ে স্কুল ও কলেজের অন্তত আড়াই হাজার শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। কিন্তু নদীভাঙনের কারণে রাস্তাটির বেশির ভাগ অংশ বিলীন হয়ে যাওয়ায় ছোট ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠাতে ভয় হয়। কারণ, রাস্তা দিয়ে চলাচল করার সময় পা পিছলে নদীতে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আঙুরা মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা জুবের আহমদ জানান, তাঁদের গ্রামসহ পাশের দেউল ও গোবিন্দশ্রী গ্রাম নদীভাঙনের কবলে পড়েছে। নদীর ভাঙন ঠেকাতে সরকারের কাছে দ্রুত উদ্যোগ দাবি জানিয়েছেন তিনি।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আসাদুজ্জামান কুশিয়ারা নদীর অব্যাহত ভাঙনের সত্যতা নিশ্চিত করে বলেন, সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। ভাঙনরোধে দ্রুত এখানে একটি প্রকল্প নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে।
পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় আমাকে ফোনে ভাঙনের বিষয়টি জানিয়েছেন। আমি তাঁদের বলেছি, বিষয়টি স্থানীয় সাংসদের ডিও লেটারের (আধা সরকারিপত্র) মাধ্যমে পাউবো কর্তৃপক্ষকে জানালে ভাঙনরোধে দ্রুত একটি প্রকল্প গ্রহণ করতে সুবিধা হবে। এরপরও বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’