বিয়ানীবাজারে ৫০ গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুশিয়ারা নদীতে পানি বাড়ায় সিলেটের বিয়ানীবাজার উপজেলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এসব মানুষ আজ পর্যন্ত কোনো সহায়তা পায়নি। জনপ্রতিনিধিরাও খোঁজ না নেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছে।সানেশ্বর গ্রামের জামাল উদ্দিন জানান, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা দূরে থাক, নিজের ইউনিয়নের চেয়ারম্যান পর্যন্ত দেখতে আসেননি। ইউপি চেয়ারম্যান নাকি বাড়িতে বসেই খবর নিচ্ছেন।এলাকাবাসী জানায়, কয়েক দিন আগে কুশিয়ারা নদীতে পানি বাড়ায় ৩০টি গ্রাম প্লাবিত হয়। গত কয়েক দিনে সব মিলিয়ে ছয়টি বাঁধ ভেঙে ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাতে পানি বাড়ায় সংযোগ সড়ক ডুবে উপজেলা সদরের সঙ্গে কয়েকটি ইউনিয়নের সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মুড়িয়া ও তিলকপাড়া ইউনিয়নের সংযোগ সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।এলাকাবাসী আরও জানায়, পানি বাড়ায় মুড়িয়া ও তিলকপাড়া ইউনিয়নের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ুদা আশ্রয়কেন্দ্রেও পানি উঠেছে। সড়ক ডুবে থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান সেখানে যেতে পারেননি।উপজেলার আছিরগঞ্জ, দুবাগ, কাকরদিয়া, আঙ্গারজুর, শেওলা, তেরাদল এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। স্বেচ্ছাশ্রমে নির্মাণ করার পর দুর্বৃত্তরা দুবাগ এলাকার বাঁধ ভেঙে ফেলায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুশিয়ারা নদীর পানি কমতে শুরু করেছে। দুর্গত মানুষের জন্য সরকারিভাবে চার টন চাল এবং আট হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।