বিয়ানীবাজারের দাসউরা বাজার-সানেশ্বর বাজার সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজারের দাসউরা বাজার-সানেশ্বর বাজার সড়কের দাসউরা বাজার থেকে দাসউরা বালিকা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত অংশে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে এলাকার মানুষ।সূত্র জানায়, তিন বছর ধরে এই সড়কটি সংস্কার করা হয়নি। বিয়ানীবাজারের তিলপারা ইউনিয়নের নয়টি ও বড়লেখা উপজেলার পাঁচটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ এই সড়ক দিয়ে বিয়ানীবাজার উপজেলা সদরে যাতায়াত করে।বেহাল সড়ক দিয়ে চলতে গিয়ে গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিএনজিচালিত অটোরিকশার চালক ফরিদ উদ্দিন বলেন, এই রাস্তায় গাড়ি চালানোর কারণে দুই দিন পরপর গাড়ি ওয়ার্কশপে নিতে হয়।সড়কটি সংস্কার না করায় মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। দক্ষিণ দাসউরা গ্রামের তমজিদ আলী (৮০) ক্ষোভের সঙ্গে বলেন, ‘তিন বছর থাকি রাস্তা ভাঙা। বড় বড় গাত (গর্ত) অই গেছে। রিকশা, গাড়ি চড়লে থেখাইয়া কমর ভাঙ্গিলায়, তেব কেউরর চকুত পড়ের না। আমরার রাস্তার ই অবস্থা দেখার কেউ নাই নি বা?’দাসউরা গ্রামের ব্যবসায়ী নজমুল ইসলাম বলেন, ‘যে অবস্থা তাতে এই সড়ক দিয়ে বয়স্ক ব্যক্তি বা রোগী আনা-নেওয়া করা খুবই ঝুঁকিপূর্ণ।’বিয়ানীবাজার উপজেলা প্রকৌশলী রমেন্দ্র হোম চৌধুরী বলেন ‘এই সড়কসহ উপজেলার আরও ৩০-৩৫টি সড়ক খুবই বেহাল। কিন্তু তহবিল না থাকায় এসব রাস্তা সংস্কার করা যাচ্ছে না।’