বিয়ানীবাজারের পর্যটন সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওর-বাঁওড়, টিলা এবং কমলা, কাঁঠাল ও আনারসের বাগান শোভিত বিয়ানীবাজার উপজেলার অবস্থান সিলেটের পূর্ব সীমান্তে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই উপজেলাটি কমলা ও আনারসের জন্য বিখ্যাত। ভ্রমণপিপাসু পর্যটকদের কাছে বিয়ানীবাজার আকর্ষণীয় একটি স্থান হিসেবে চিহ্নিত হতে পারে। কিন্তু সম্ভাবনা থাকা সত্ত্বেও এখানে পর্যটন অঞ্চল গড়ার কোনো উদ্যোগ নেই। স্থানীয় বাসিন্দারা জানান, এই উপজেলায় রয়েছে বহু বছর আগে খনন করা টেংরা রাজার দিঘি, পাল আমলের বারপালের দিঘি, দেড় হাজার বছরের পুরোনো বাসুদেব মন্দির, দেশের প্রাচীন গ্রন্থাগারগুলোর অন্যতম অনি পণ্ডিত লাইব্রেরি। আছে মুড়িয়া হাওর, পাল জমিদারবাড়ি, মোগল স্থাপত্যশৈলীর জায়গিরদার মসজিদ ও আঙ্গুরা পাকা জামে মসজিদ, ঐতিহাসিক নানকার বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মৃতিসৌধ। রয়েছে একাধিক আউলিয়ার মাজার। লাউতা গ্রামে বিখ্যাত দার্শনিক শহীদ বুদ্ধিজীবী গোবিন্দ চন্দ্র দেবের বাড়ি ও তাঁর স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ। রয়েছে অনেক পুরোনো মসজিদ ও আকর্ষণীয় স্থাপনা।ভ্রমণপিপাসু সংস্কৃতিকর্মী আব্দুশ শুকুর বলেন, বিয়ানীবাজারের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান ও স্থাপনাগুলোকে রক্ষণাবেক্ষণ করলে পর্যটকেরা আকৃষ্ট হবেন। গল্পকার আবদুল মালিক ফারুক বলেন, প্রবাসী-অধ্যুষিত অঞ্চল হওয়ায় প্রতিবছর ভারত, ইংল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেক পর্যটক প্রবাসীদের অতিথি হিসেবে আসেন বিয়ানীবাজারে। কিন্তু পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় তাঁরা নানা অসুবিধায় পড়েন।সম্প্রতি সারা দেশে বিভিন্ন শ্রেণীতে সাত শতাধিক স্থান ও স্থাপনাকে পর্যটন স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। কিন্তু এই তালিকায় বিয়ানীবাজারের কোনো স্থান অন্তর্ভুক্ত হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার দে বলেন, ‘যখন তালিকা করা হয় তখন আমি বিয়ানীবাজার উপজেলায় ছিলাম না। তাই কেন বিয়ানীবাজারের কোন স্থান সেই তালিকায় স্থান পায়নি, তা বলতে পারব না। তবে ভবিষ্যতে যাতে বিয়ানীবাজার উপজেলার কয়েকটি ঐতিহাসিক স্থান/স্থাপনাকে পর্যটনের তালিকায় অন্তর্ভুক্ত করা যায় সে চেষ্টা করব।’