বিয়ানীবাজারের লোলা খাল খননের দাবিতে মানববন্ধন
সিলেটের বিয়ানীবাজার পৌর শহরসহ চারটি ইউনিয়নের প্রাকৃতিক জলাধার হিসেবে পরিচিত লোলা খাল দখল ও দূষণমুক্ত করে খননের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
গতকাল বুধবার দুপুরে বিয়ানীবাজার শহরের পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চবিদ্যালয়ের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত মানববন্ধন চলাকালে সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশ থেকে জানানো হয়, বিয়ানীবাজারের বৈরাগীবাজার এলাকায় কুশিয়ারা নদী থেকে লোলা খালের উৎপত্তি। উৎসমুখ থেকে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ লোলা খাল বিয়ানীবাজার পৌরসভা, মাথিউরা, কুড়ারবাজার, মোল্লাপুর, তিলপাড়া ইউনিয়ন দিয়ে প্রবাহিত। উৎসমুখ থেকে ১২ কিলোমিটার অংশের অন্তত ২৩টি স্থানে পলি ভরাটের কারণে খাল সংকুচিত হওয়ায় দখল ও দূষণ চলছে।
আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে সিলেটে বাপার টানা পাঁচ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল তৃতীয় দিন বিয়ানীবাজারে লোলা খাল খনন দাবির এ কর্মসূচি পালন করা হয়।
বাপা সিলেটের যুগ্ম সম্পাদক তায়েফ আহমদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) বিয়ানীবাজারের সভাপতি আমান উদ্দিন, বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালক শফিউল আলম, সরকারি মহিলা কলেজের শিক্ষক জহিরুল ইসলাম প্রমুখ।