বিয়ে আয়োজনের সবকিছু এক ছাদের নিচে
রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিয়ে উৎসবে ভিড় করছেন দর্শনার্থীরা। তাঁরা নানা স্টল ঘুরছেন। বিয়ের নানা অনুষঙ্গ দেখছেন। জানছেন প্রয়োজনীয় তথ্য।

বিয়ে আয়োজনের সবকিছু এক ছাদের নিচে পেয়ে দর্শনার্থীরা দারুণ উৎফুল্ল।

আজ বেলা ১১টার দিকে বিয়ে উৎসবের উদ্বোধন হয়। বিয়ের গেটের ফিতা কেটে তারকা দম্পতি নাঈম-নাদিয়া উৎসবের উদ্বোধন করেন।
উৎসব উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সেজেছে বিয়েবাড়ির সাজে। বিয়ের গেট, বিয়ের বাদ্যিসহ সব অনুষঙ্গই আছে ‘সানসিল্ক-নকশা বিয়ে উৎসব’ নামের দুই দিনের এই আয়োজনে। আছে বিয়ের কাজি থেকে শুরু করে ঐতিহ্যবাহী পালকি, ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টির উপস্থিতিও।

উৎসবে বিয়ের সানাই বাজাচ্ছেন শিল্পী মুর্তজা কবির মুরাদ। ময়মনসিংহ ও নারায়ণগঞ্জের দুটি দল পরিবেশন করছেন বিয়ের গীত। আছে কাওয়ালিও।
ইউনিলিভারের ব্র্যান্ড সানসিল্ক এবং প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র ‘নকশা’ এই বিয়ে উৎসবের আয়োজক। উৎসবের মূল প্রতিপাদ্য ‘বিয়ের বাজার দেশেই’। তৃতীয়বারের মতো এই উৎসব হচ্ছে। উৎসবের সম্প্রচার সহযোগী চ্যানেল আই। উৎসবটি দর্শকদের জন্য উন্মুক্ত।

উৎসবের উদ্বোধন করে নাঈম-নাদিয়া বলেন, যাঁরা বিয়ে করবেন, তাঁদের এই উৎসবে আসা উচিত। তাঁরা এখানে এসে বিয়ের প্রস্তুতি ও পরিকল্পনা সাজিয়ে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন।
উদ্বোধনের পর উৎসবে দর্শনার্থীরা আসতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ে দর্শনার্থীদের ভিড়। অনুষ্ঠানস্থলের সাজগোছ ও আয়োজনের জাঁকজমকের দর্শনার্থীরা বিয়ের আমেজ অনুভব করেন। তাঁরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে বিয়ের প্রয়োজনীয় অনুষঙ্গ দেখেন।

ফারহান ও আলিদা নামের এক দম্পতি এসেছেন বিয়ের এই উৎসবে। তাঁরা তাঁদের অনুভূতি জানাতে গিয়ে বললেন, চমৎকার আয়োজন। সব দেখে-শুনে ভালোই লাগছে। বিয়ের জন্য প্রয়োজনীয় সবকিছু আছে এক ছাদের নিচে। বিয়ের আয়োজনের এখনকার ধারাটাও বোঝা যাচ্ছে।
মা লুৎফুন নাহারের সঙ্গে নাদিয়া আক্তার এই উৎসবে এসেছেন। নাদিয়া জানালেন, সামনেই তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ে আয়োজনের বিভিন্ন তথ্য ও সেবা পেতে উৎসবে এসেছেন। সব আয়োজনের সমাহার এক জায়গায় হওয়ায় উৎফুল্ল তিনি।

উৎসবে বিয়ে আয়োজনের সঙ্গে যুক্ত সেরা ব্র্যান্ড আর দেশি প্রতিষ্ঠানের সঙ্গে আছেন বিশেষজ্ঞরা। কনের শাড়িটা কোন রঙের হবে, বরের শেরওয়ানিটাই বা কী হবে, বর-কনের মঞ্চটা কেমন হবে—এমন প্রশ্নের উত্তর মিলছে বিয়ে উৎসবে।
বিয়ের আগে ত্বকের পরিচর্যা কী হওয়া উচিত, তা নিয়ে পরামর্শ দিতে উপস্থিত আছেন রূপবিশেষজ্ঞরা।
বিয়ের ছবি তোলার প্রস্তুতি নিয়ে জানাচ্ছেন আলোকচিত্রীরা। পোশাক বিষয়ে পরামর্শ দিচ্ছেন ফ্যাশন ডিজাইনাররা।
উৎসবে আছে বিয়ের পোশাক, গয়না, দাওয়াতপত্র, খাবার, গায়েহলুদ, গৃহসজ্জা, প্রসাধন, রূপসজ্জা, হানিমুনে বেড়ানো এমন নানা অনুষঙ্গের সেরা ব্র্যান্ডের স্টল ও প্যাভিলিয়ন। ছাড় ও উপহার মিলছে স্টল ও প্যাভিলিয়নগুলোতে। ছোটখাটো প্রতিযোগিতায় তাৎক্ষণিক অংশগ্রহণে পুরস্কার জেতার সুযোগও আছে।
বিয়ের এই উৎসব আজ রাত নয়টা পর্যন্ত এবং আগামীকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এই সময়ে যে কেউ এ আয়োজনে আসতে পারবেন।
শনিবার সন্ধ্যায় শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য বিয়ের দেশি সাজপোশাকের ফ্যাশন শো এবং অন্যান্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে বিয়ে উৎসবের এবারের আয়োজন।
উৎসবের নির্বাচিত অংশ চ্যানেল আইয়ে এবং প্রথম আলোর ওয়েবসাইট (www.prothom-alo.com) ও ফেসবুক পেজে (www.facebook.com/dailyprothomalo) সরাসরি দেখার ব্যবস্থা আছে।
অার ও পড়ুন :-