বিয়ে উৎসবে ময়ূর-প্রজাপতি পালকি

পাশাপাশি রাখা একটি ময়ূর ও একটি প্রজাপতি। নীলকণ্ঠ রঙের ময়ূরটি সহজেই নজর কাড়ে। কম যায় না বাহারি প্রজাপতিটিও। তাই তাদের ঘিরে মানুষের আগ্রহের কমতি নেই। লোকে কাছে আসছে, ছবি তুলছে আপনমনে।
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলা ‘সানসিল্ক-নকশা বিয়ে উৎসব’-এ দেখা মিলল এই ময়ূর আর প্রজাপতির, যা দুটি পালকির নাম।
আবহমান বাংলার অন্যতম ঐতিহ্য ছিল পালকিতে চড়ে নববধূর শ্বশুরবাড়ি আগমন। সেই দিন এখন আর নেই। উন্নত যোগাযোগের এই কালে পালকি হারিয়ে গেছে। তবে শখ করে এখনো কেউ কেউ চান বিয়ের দিন পালকিতে চড়তে। পুরোনো পালকিকে নতুন রূপে এনে ঐতিহ্যকে ধরে রাখার প্রয়াস এই ময়ূর ও প্রজাপতির পালকির মাধ্যমে।
ওয়েডিং পালকি নামের একটি প্রতিষ্ঠান বিয়ে উৎসবে পালকি দুটো এনেছে। তাঁরা গায়েহলুদ বা বিয়ের অনুষ্ঠানে পালকিগুলো ভাড়া দিয়ে থাকেন বলে জানালেন প্রতিষ্ঠানটির কর্ণধার সৈকত আলম। তিনি বলেন, পাঁচ থেকে আট হাজার টাকায় একেকটি পালকি ভাড়া দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির কর্ণধার আরও বলেন, পালকির সঙ্গে থাকেন ঢুলি ও বাহক। তাঁরা বিশেষ পোশাক পরেন। বাহকেরা পরেন ধুতি-পাঞ্জাবি। আর ঢুলিরা পরেন হলুদ পাঞ্জাবি ও সাদা পায়জামা। তিনি জানালেন, উৎসবে বেশ ভালো সাড়া পাচ্ছেন। অনেকে নম্বর নিয়ে যাচ্ছে পরে যোগাযোগ করবেন বলে।
আর যারা বিয়ে করে ফেলেছেন তারা বিয়ের দিন পালকিতে চড়তে না পারার শখ পূরণ করে নিচ্ছিলেন। স্মৃতি ধরে রাখতে মনের আনন্দে ছবি বা সেলফি তুলতে দেখা গেল অনেককেই।
পালকি ছাড়াও এই আয়োজনে বিয়ের আনুষঙ্গিক সবকিছু নিয়ে হাজির হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। আছে পোশাক, গয়না, সাজ-প্রসাধন, খাওয়া-দাওয়া, আলোকচিত্র, ঘর-গাড়ি সজ্জা ও উপহারের নানা স্টল। বেশ উৎসবমুখর পরিবেশে এক ছাদের নিচে বিয়ের এতসব আয়োজন উপভোগ করছেন দর্শনার্থীরা।