বিয়ে আর সন্তান জন্মদান—জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি ক্ষেত্রে বাংলাদেশের বেশির ভাগ কিশোরীর কোনো মত নেওয়া হয় না। তাদের অভিভাবকেরা মনে করেন, মেয়েরা বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম নয়।
আর সামাজিকভাবে নিরাপত্তাহীনতায় ভোগে কিশোরীদের অনেকে। এসব কারণে মেয়েদের একটি অংশ মনে করে, সমাজে তাদের কোনো মূল্য নেই। শিশু অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক দাতব্য সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য।
‘হিয়ার আওয়ার ভয়েজেস’ (আমাদের কথা শুনুন) শীর্ষক ওই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে গতকাল রোববার। গবেষণাটি চালানো হয়েছে এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ১১টি দেশে। এ জন্য সংস্থাটি মতামত নেয় সাত হাজারের বেশি কিশোরী ও কিশোরের। এশিয়ায় বাংলাদেশ ও পাকিস্তানে এই গবেষণা চলে। প্ল্যান বাংলাদেশে বরগুনা ও নীলফামারী জেলায় নিজ কর্ম এলাকা থেকে তথ্য সংগ্রহ করে।
গবেষণায় প্রাপ্ত তথ্যানুযায়ী, বাংলাদেশে কৈশোরে বিয়ে হওয়ায় মেয়েদের মধ্যে ৬১ শতাংশের ক্ষেত্রে তাদের মত নেওয়া হয় না। মা-বাবাই বিয়ের সিদ্ধান্ত নেন। তাঁরা মেয়েদের পছন্দ-অপছন্দের ধার ধারেন না। বেশির ভাগ অভিভাবকের ধারণা, মেয়েরা বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম নয়। যেসব মেয়ের এভাবে বিয়ে হয় অধিকাংশ ক্ষেত্রে তাদের মায়েরাও অল্প বয়সে অমতে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। বাবা-মার মধ্যে আবার বাবারাই বেশির ভাগ ক্ষেত্রে সিদ্ধান্ত দেন। কেননা অনেক বাবাই মনে করেন, মেয়ে এবং তাঁর মা সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত নয়।
প্ল্যানের গবেষণায় দেখা গেছে, একটি এলাকার ৬৫ শতাংশ কিশোরী বলেছে বিয়ের পর গর্ভধারণের ক্ষেত্রে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। আর এ জন্য অল্প বয়সেই সন্তান জন্ম দিতে হয় তাদের। আর সন্তান জন্ম দিলে বেশির ভাগ ক্ষেত্রেই তাদের লেখাপড়ার সমাপ্তি ঘটে।
ব্যক্তিগত জীবনে বেশির ভাগ মেয়েই গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত না নিতে পারার কারণে তারা নিজেদের সামাজিকভাবে মূল্যহীন বলে মনে করে। বাংলাদেশের ২৬ শতাংশ মেয়ে মনে করে সমাজে তাদের কোনো মূল্য নেই, আর ৫৯ শতাংশ মনে করে খুব কম মূল্যই আছে।
প্লানের গবেষণায় পাওয়া তথ্যানুযায়ী, বিদ্যালয়ে যাওয়ার পথে নিরাপত্তাহীনতায় ভোগে বাংলাদেশের অন্তত ৪২ শতাংশ মেয়ে। মেয়েরা বিদ্যালয়ে যাওয়ার পথে ছেলে বা পুরুষদের ভীতি প্রদর্শন, মৌখিক ও শারীরিক নিগ্রহের শিকার হয়। বিদ্যালয়ে যাওয়ার সময় যানবাহনে যাত্রী বা বাসের কর্মীদের দ্বারাও নিগৃহীত হয় মেয়েরা। বিদ্যালয়ে যাওয়ার পথে জোর করে মেয়েদের ছবি উঠিয়ে তা ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেইল করা হয় মেয়েদের। দ্রুত বিয়ে হওয়ার ক্ষেত্রে এটিও একটি কারণ বলা হয় গবেষণার প্রতিবেদনে।