বিয়ে করতে গিয়ে কারাগারে বর
বাল্য বিয়ে করতে গিয়ে সাত দিনের কারাদণ্ড পেলেন বর। শুধু বরই নয় বরের বাবা ও কনের বাবাও পেয়েছেন দণ্ড। তাঁদের এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়। আজ শনিবার সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার এক যুবকের সঙ্গে বিয়ের আয়োজন করা হয়। স্থানীয় লোকজনদের কাছ থেকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক ঘটনার সত্যতা জানতে সেখানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান ও ধরমপাশা থানার এএসআই সাইফুর রহমানকে পাঠান। বেলা একটার দিকে তাঁরা কনের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তুতি দেখতে পেয়ে আয়োজন বন্ধ করে দেন। এরপর বর ও বরের বাবা এবং কনের বাবাকে আটক করে নিয়ে আসেন। বিকেলে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এরপর তাদের এ দণ্ড দেন আদালত।
ধরমপাশা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত বরকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। বর ও কনের বাবা জরিমানার টাকা পরিশোধ করায় মুক্তি পেয়েছেন।