বিয়ে করতে চাওয়ায় জীবন দিতে হলো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমিককে বিয়ে করতে চাওয়ায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার মালিপাড়া গ্রামের ঝর্ণা খাতুনকে (১৮) জীবন দিতে হলো। প্রেমিক ও তাঁর পরিবারের লোকজন ঝর্ণাকে জোর করে মুখে বিষ ঢেলে দেয় বলে নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। গত বুধবার রাতে নাটোর সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের ভাই আইয়ুব আলী বাদী হয়ে প্রেমিকসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।মামলা সূত্রে জানা যায়, ঝর্ণা খাতুনের সঙ্গে লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের মিজানুর রহমানের প্রেম ছিল। সম্প্রতি ঝর্ণার পরিবারের পক্ষ থেকে মিজানুরকে বিয়ের জন্য বলা হয়। মিজানুরের পরিবার এতে আপত্তি জানায়। বুধবার ঝর্ণা মিজানুরের বাড়িতে গিয়ে হাজির হন এবং তাঁকে বিয়ের জন্য চাপ দেন। ক্ষিপ্ত হয়ে মিজান ও তাঁর স্বজনেরা ঝর্ণাকে মারপিট করেন এবং জোর করে মুখে বিষ ঢেলে দেন। স্থানীয় হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে বিকেলে তাঁকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। রাত আটটার দিকে ঝর্ণা মারা যান।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিরা ঘটনার পরপর আত্মগোপন করেছেন।