বিয়ে করতে না চাওয়ায় ছাত্রীর আত্মহত্যার চেষ্টা
প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রী (১৪)। গত শনিবার রাত ১০টার দিকে বরিশালের মুলাদী উপজেলার পৌর এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় মেয়েটিকে রাত তিনটার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মেয়েটির পারিবারিক সূত্র জানায়, মুলাদী পৌরসভার খেজুরতলা এলাকার প্রতিবেশী যুবক সাইফুল ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীর। পরে ঢাকায় বিক্রয়কর্মী হিসেবে একটি দোকানে কাজ শুরু করে সাইফুল। সম্প্রতি সাইফুলকে বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে বলে মেয়েটি। কিন্তু সাইফুল বিয়ে করতে রাজি হয়নি এবং মেয়েটির সঙ্গে মুঠোফোনেও কথা বলা বন্ধ করে দেয়। সর্বশেষ গত শুক্রবার সাইফুল মেয়েটিকে ফোন করে হুমকি দেয় এবং বিয়ে করবে না বলে জানায়। এ ঘটনায় প্রচণ্ড অভিমান করে মেয়েটি। শনিবার বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে রাত ১০টার দিকে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় মেয়েটি। তার চিৎকার শুনে বাড়ির লোকজন এসে আগুন নেভায়। সঙ্গে সঙ্গে তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন। হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, মেয়েটির শরীরের প্রায় ৯০ ভাগ পুড়ে গেছে। চিকিৎসা চলছে। তবে বাঁচানো সম্ভব হবে কি না, বলা যাচ্ছে না।মেয়েটির বাবা প্রথম আলোকে বলেন, ‘আমাদের অজান্তেই পার্শ্ববর্তী সাইফুল ইসলামের সঙ্গে মেয়ে সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ে করবে না বলায় এবং ফোনে হুমকি দেওয়ায় মেয়ে নিজের গায়ে নিজেই আগুন ধরিয়ে দেয়।’ এ ব্যাপারে সাইফুলের মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। যোগাযোগ করা হলে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহবুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত এ রকম কোনো ঘটনা জানি না। কেউ কোনো অভিযোগও করেনি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।’